শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন
মামুন আহমেদ ॥ বানারীপাড়ায় সন্ধ্যানদীর করাল গ্রাসে গভীর রাতে বসতভিটা হারানো অসহায় ১২টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. শাহে আলম।
শনিবার(৩০ মে) দুপুরে ট্রলারযোগে তিনি নদীভাঙ্গনকবলিত স্থান পরিদর্শন করেন। তিনি সর্বস্ব হারানো পরিবারগুলোর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নদীভাঙ্গনরোধে কার্যকরী ব্যবস্থা গ্রহণ ও তাদের পুনর্বাসনের জন্য সার্বিক সহায়তার আশ্বাস দেন। তিনি ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্য ও অন্যান্য সরকারি সহায়তার জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও নির্দেশ দেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বরিশাল জেলা পরিষদ সদস্য আলহাজ আওরঙ্গজেব হাওলাদার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখার ইউপি চেয়ারম্যান খিজির সরদার, সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা, আওয়ামী লীগ নেতা বজলুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, গত শুক্রবার গভীর রাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের দাসেরহাট সংলগ্ন ভাঙনকবলিত সন্ধ্যানদীর তীরে বসবাসরত অসহায় ১২টি পরিবারের ঘরবাড়ি ও গাছপালা-সহ বসতভিটা নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এদের মধ্যে ১০টিই সংখ্যালঘু পরিবার। রাতের গভীর অন্ধকারে মুহূর্তেই সবকিছু হারিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছেন। তাদের চোখে এখন কেবলই অমানিশার ঘোর অন্ধকার।