শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
অনলাইন নিউজ ॥ খুলনার দিঘলিয়া উপজেলার বারাকপুরের দুর্ধর্ষ সন্ত্রাসী ও ‘মূর্তিমান আতংক’ আনসার শেখকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার তাকে কারাগারে পাঠানো হয়েছে। স্থানীয়রা জানায়, ৫ ফেব্রুয়ারি বারাকপুর বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে জয়ী হওয়ার পর থেকেই আনসার শেখ বেপরোয়া হয়ে ওঠেন। ক্ষমতাসীন দলের নেতাদের নাম ভাঙিয়ে বিভিন্ন ফায়দা লুটতে শুরু করেন।
আরো জানা গেছে, পূর্বশত্রুতার জেরে ১৯ এপ্রিল বারাকপুর বাজার সংলগ্ন এলাকায় বারাকপুর ইউপি চেয়ারম্যান গাজী জাকির হোসেন ও তার সমর্থকদের উপর হামলা চালান আনসার শেখ। তার বিরুদ্ধে চাঁদাবাজিরও অভিযোগ রয়েছে।
স্থানীয়রা আরো জানায়, বারাকপুরের মানুষ সন্ত্রাসী আনসার শেখ ও তার বাহিনীর কাছে পর্যুদস্ত। হামলা-লুটপাট-চাঁদাবাজিসহ এমন কোনো অপরাধ নেই যা তিনি করেননি। অবৈধ অস্ত্রের ঝনঝনানিতে এলাকায় সন্ত্রাসের রাজত্ব গড়ে তুলেছিলেন তিনি। আনসার শেখ ছিলেন বারাকপুরের মানুষের কাছে ‘মূর্তিমান আতংক।’
জানা গেছে, ওই এলাকার গাজী মোস্তাক আহম্মেদের উপর হামলা মামলায় আনসার শেখকে গ্রেফতার করেছে দিঘলিয়া থানার পুলিশ।
দিঘলিয়া থানার ওসি মঞ্জুর মোর্শেদ জানান, ২৩ মে সকালে পূর্বশত্রুতার জেরে আনসার শেখ, গাজী ফরহাদ, কামাল মেম্বার ও তাদের লোকজন দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করে গাজী মোস্তাক আহম্মেদকে।
ওই ঘটনায় আনসার শেখসহ ১২ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। ওই মামলায় প্রধান আনসার শেখকে শনিবার গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে। তার বিরুদ্ধে আরো দুটি মামলা রয়েছে।