শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
মামুন আহমেদ ॥ বানারীপাড়ায় গভীর রাতে ঘর-বাড়ি ও গাছপালা-সহ সন্ধ্যানদীর গর্ভে বিলীন হয়ে গেছে ১২টি বসতভিটা। জানা গেছে, শুক্রবার গভীর রাতে উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের মসজিদবাড়ি গ্রামের দাসেরহাট বাজার সংলগ্ন ভাঙনকবলিত সন্ধ্যানদীর তীরে বসবাসরত অসহায় ১২টি পরিবারের ঘরবাড়ি ও গাছপালা-সহ বসতভিটা নদীগর্ভে সম্পূর্ণ বিলীন হয়ে যায়। এদের মধ্যে ১০টিই সংখ্যালঘু পরিবার।
রাতের অন্ধকারে মুহূর্তেই সবকিছু হারিয়ে পরিবারগুলো দিশেহারা হয়ে পড়েছেন। তাদের চোখে এখন কেবলই অমানিশার ঘোর অন্ধকার। এদিকে খবর পেয়ে সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা ঘটনাস্থলে ছুটে যান এবং ভাঙনকবলিত পরিবারগুলোর কয়েকজনের বসতঘর, আসবাবপত্র ও গাছপালা সরিয়ে নিতে সহায়তা করেন। এছাড়াও তিনি ক্ষতিগ্রস্ত পরিবারের খাদ্য সহায়তার পাশাপাশি তাদের পুনর্বাসনেরও আশ্বাস দেন।
এ সময় সৈয়দকাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মৃধা, স্থানীয় ইউপি সদস্য পনিরুজ্জামান পনির প্রমুখ উপস্থিত ছিলেন। সৈয়দকাঠি ইউপি চেয়ারম্যান আ. মন্নান মৃধা জানান, ওই ১২টি পরিবারের বসতভিটা সম্পূর্ণ বিলীন হয়ে গেছে এবং ভাঙন অব্যাহত থাকায় আরও বেশ কয়েকটি বাড়ির বসতঘর ও গাছপালা কেটে সরিয়ে নেওয়ার কাজ চলছে। যে কোনো সময় ওই বাড়িঘরগুলোও নদীগর্ভে বিলীন হয়ে যেতে পারে।