শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:৫০ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ চুয়াডাঙ্গার দামুড়হুদা মুন্সীপুর সীমান্ত এলাকা থেকে এক ব্রাক কর্মকর্তার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার বাংলাদেশ সীমান্তের ২শ’ গজ অভ্যন্তরে মুন্সীপুর এলাকার একটি মেহগুনি বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত সাইফুল ইসলাম দামুড়হুদা উপজেলার পীরপুরকুল্লা গ্রামের নতুনপাড়ার আবদার আলির ছেলে।
পুলিশ জানায়, মাংস কেনার জন্য রোববার সকালে পীরপুরকুল্লা বাজারে যান। এ সময় একই গ্রামের নাজমুল হাসান রতন নামে এক ব্যক্তির সঙ্গে তার কথাকাটি হয়। পরে তিনি বাড়ি ফিরে আসেন। দুপুরে আবার তিনি বাইরে যান। রাতে বাড়ি না ফিরলে পরিবারের লোকজন সাইফুলকে বিভিন্ন স্থানে খোঁজ করেও তাকে পাননি।
সোমবার সকালে গ্রামবাসী সীমান্তের বাংলাদেশ অভ্যন্তরে সাইফুলের লাশ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে দামুড়হুদা পুলিশ সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করে।
দামুড়হুদা সার্কেলের সহকারী পুলিশ সুপার আবু রাসেল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাইফুল হত্যা রহস্য উদঘাটনে চেষ্টা চলছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।