রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ সিরাজগঞ্জের শাহজাদপুরে আধিপত্য বিস্তার নিয়ে প্রতিপক্ষের হামলায় নাজেম উদ্দিন (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
রোববার (২৪ মে) সকালে উপজেলার নরিনা ইউনিয়নের কাংলাকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। দুপুরে মৃতের মরদেহ নিয়ে থানায় উপস্থিত হয়ে এমন অভিযোগ করে স্বজনেরা। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়। মৃত নাজেম উদ্দিন কাংলাকান্দি গ্রামের মৃত খলিলুর রহমানের ছেলে।
শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, দুপুরে মৃতের মরদেহ নিয়ে থানায় হাজির হয় স্বজনেরা। তারা অভিযোগ করে বলেন, দ্বিতীয় রোজার দিন থেকে কাংলাকান্দি গ্রামের নজরুল ইসলাম মাস্টার গংয়ের সঙ্গে একই গ্রামের রউফ গ্রুপের দ্বন্দ্ব চলছিল। এরআগে, কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। এ নিয়ে মামলা মোকদ্দমাও রয়েছে।
রোববার সকালে নজরুল ইসলাম গ্রুপের নাজেম উদ্দিনকে একা পেয়ে প্রতিপক্ষের লোকজন মারধর করলে উভয়পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে নাজেম উদ্দিন গুরুতরসহ ছয়জন আহত হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
তিনি আরও বলেন, কিভাবে ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে ময়নাতদন্তের পর তা জানা যাবে। ওই গ্রামে কোনো সংঘর্ষের ঘটনা ঘটেছে কি না সেটা তদন্ত করা হচ্ছে এবং এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।