শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
মামুন আহমেদ ॥ বানারীপাড়ায় সুপারসাইক্লোন “আম্পান”র প্রভাবে প্রবল জলোচ্ছ্বাসে বন্দরবাজার-সহ উপজেলার বিস্তীর্ণ অঞ্চল প্লাবিত হয়ে ঘর-বাড়ি-সহ গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি ও দুই শতাধিক মাছের ঘের তলিয়ে গেছে। বুধবার(২০ মে) সকাল থেকেই ঘূর্ণিবাতাসের সঙ্গে সঙ্গে প্রবল বৃষ্টিপাত ও জলোচ্ছ্বাসে স্বাভাবিকের চেয়ে ৩/৪ ফুট উচ্চতায় পানি বন্দরবাজারের পশ্চিম প্রান্তে সন্ধ্যানদীর তীরবর্তী শহর রক্ষা বাঁধের আদলে নির্মিত উঁচু সড়কের ওপর দিয়ে ভিতরে ঢুকে পড়ায় বাজারের গুরুত্বপূর্ণ দোকানের গুদাম-সহ শতাধিক দোকান তলিয়ে যাওয়ায় সার-সহ নিত্যপণ্য মালামালের ব্যাপক ক্ষতি সাধিত হয়। বিশেষ করে সারপট্টি থেকে নদীতীরবর্তী সড়কের দিকের রাস্তাটি পুরোপুরি তলিয়ে যাওয়ায় ব্যাপক ক্ষতি সাধিত হয়।বানারীপাড়া পৌর শহর-সহ সন্ধ্যানদীর পূর্ব পাড়ে ৩টি ও পশ্চিম তীরে অবস্থিত ৫টি ইউনিয়নের গাছপালা ও ঘরবাড়ি ভেঙ্গে যায় এবং ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। এতে লক্ষ লক্ষ টাকার ক্ষতি সাধিত হয়। এছাড়া হঠাৎ জলোচ্ছ্বাসে বিশারকান্দি ও সৈয়দকাঠি ইউনিয়ন-সহ নিম্নাঞ্চলের দুই শতাধিক মাছের ঘের তলিয়ে যাওয়ায় কোটি কোটি টাকার মাছ ভেসে যায়। এসব ঘেরের বড় বড় প্রচুর মাছ এখন জেলেদের জালে ধরা পড়ছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সন্ধ্যানদীর তীরবর্তী মানুষেরা। তাদের বেশিরভাগ মানুষের ঘরবাড়ি ও গাছপালা ভেঙ্গে তছনছ হয়ে গেছে। একদিকে করোনার লকডাউনে কর্মহীন ও অন্যদিকে ঘূর্ণিঝড় “আম্পান”র তাণ্ডব সবকিছু মিলিয়ে অসচ্ছল মানুষ এখন দিশেহারা।