মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক ॥ দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭৫ পুলিশ সদস্য করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। সব মিলে পুলিশে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২৫৫৭। এ সংখ্যা ঢাকাসহ সারাদেশের পুলিশ ইউনিটের ১৭ মে সকাল পর্যন্ত।
এরআগে গতকাল শনিবার রেকর্ড সংখ্যক ২৪১ জন পুলিশ সদস্য আক্রান্তের খবর দিয়ে গতকাল পর্যন্ত মোট আক্রান্ত ২৩৮২ জন ছিল বলে জানিয়েছিল পুলিশ।
পুলিশের করোনা কন্ট্রোল রুম সুত্রে জানা গেছে, আক্রান্তদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) সদস্য ১০৯৫ জন। যা গতকাল ছিল ১০৪১ জন। আক্রান্তদের মধ্যে মাঠপর্যায়ের পুলিশ সদস্যই বেশি।
ডিএমপি জানায়, করোনায় মাঠপর্যায়ের কর্মকর্তা ছাড়াও তাদের দুজন অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) ও একজন সহকারী পুলিশ কমিশনার (এসি) পদমর্যাদার কর্মকর্তা আক্রান্ত হয়েছেন।
সারাদেশের পুলিশের বিভিন্ন ইউনিটের তথ্য-উপাত্ত থেকে জানা গেছে, করোনা ভাইরাসমুক্ত হয়ে ৩৮১ পুলিশ সদস্য সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। মারা গেছেন ৮জন।
পুলিশ সদর দফতর জানিয়েছে, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ ও ঢাকা মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম করোনা ভাইরাসে আক্রান্ত পুলিশ সদস্যদের সার্বক্ষণিক খোঁজ খবর রাখছেন এবং বাহিনীর সদস্যদের সুচিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নির্দেশনা প্রদান করে যাচ্ছেন।
আক্রান্ত পুলিশ সদস্যদের সুচিকিৎসা ও সার্বিক কল্যাণ নিশ্চিত করতে ইতোমধ্যেই পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সমন্বয়ে কয়েকটি টিম গঠন করা হয়েছে। এসব টিমের কর্মকর্তাগণ সার্বক্ষণিক করোনা আক্রান্ত পুলিশ সদস্যদের পাশে যাচ্ছেন, তাঁদের সাথে কথা বলছেন, তাঁদের স্বাস্থ্যের খোঁজ নিচ্ছেন ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে সদা তৎপর রয়েছেন।
রোববারের তথ্যমতে, করোনা ভাইরাসের সাথে লড়াই করে জয়ী হয়ে আরও ৪৬ পুলিশ সদস্য। তারা সুস্থ হয়ে আজ রোববার বিকালে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল ছেড়েছেন। কোভিড-১৯ পজেটিভ হওয়ায় তারা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে ভর্তি হন।