মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক ॥ মহামারি করোনাভাইরাসে দেশে গত ২৪ ঘণ্টায় ১৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা দাঁড়ালো ৩২৮-এ।
একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১২৭৩ জন। ফলে প্রাণঘাতী এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২২ হাজার ২৬৮।
রোববার (১৭ মে) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় ৮ হাজার ১১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো এক লাখ ৭১ হাজার ৪০৮টি। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ২৫৬ জন, এ নিয়ে দেশে মোট সুস্থ হয়ে বাড়ি গেছেন ৪,৩৭৩ জন।
আরও জানানো হয়, মৃত ১৪ জনের মধ্যে ১৩ জন পুরুষ ও একজন নারী। তাদের মধ্যে রাজধানী ঢাকায় ৯ জন ও চট্টগ্রামে ৫ জন রয়েছেন। বয়স বিশ্লেষণে দেখা গেছে, মৃত ১৪ জনের মধ্যে ৮১ থেকে ৯০ বছরের ১ জন, ৭১ থেকে ৮০ বছরের ৩ জন, ৬১ থেকে ৭০ বছরের ৩জন, ৫১ থেকে ৬০ বছরের ৩ জন, ৪১ থেকে ৫০ বছরের ২ জন, ৩১ থেকে ৪০ বছরের ১ জন, ১১ থেকে ২০ বছরের ১ জন রয়েছেন।
এর আগে, শনিবার (১৬ মে) দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ১৬ জনের মৃত্যু হয়।
গত ৮ মার্চ বাংলাদেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়। দিন গড়ানোর সঙ্গে সঙ্গে এখন লাফিয়ে লাফিয়ে বাড়ছে এ সংখ্যা। লম্বা হচ্ছে মৃত্যুর মিছিলও।