শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক :: করোনাভাইরাসের ভয়াবহতার মধ্যেই শর্ত সাপেক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে খুলেছে দোকান-মার্কেট। দীর্ঘ এক মাসেরও বেশি সময় বন্ধ থাকার পর ঈদকে সামনে রেখে ঝুঁকি নিয়ে খুলেছে এসব দোকানপাট। এরপর থেকেই মার্কেটগুলোতে দেখা গেছে মানুষের ভিড়। তথ্যমতে, ঈদকে সামনে রেখে ১০ মে থেকে স্বাস্থ্যবিধি মেনে দোকানপাট খোলার নির্দেশনা দেয় সরকার।
অথচ দেশের বিভিন্নস্থানে দেখা গেছে তার উল্টো চিত্র। সামাজিক দূরত্ব না মেনেই দোকানগুলোতে দেখা গেছে ভিড়; যার অধিকাংশই মহিলা ও শিশু। এমন অবস্থায় দেশের বিভিন্ন জেলা ও এলাকার শপিংমল, দোকানপাটসহ সব ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে প্রশাসন।
এমন অবস্থায় অনেকেই প্রশাসনের নির্দেশা অমান্য করে দোকানের শাটার অর্ধেক খোলা রেখে চালিয়ে যাচ্ছেন বেচাবিক্রি। প্রশাসনের লোকজন দেখলেই তারা ভেতরে ক্রেতা রেখেই শাটার টেনে দিচ্ছেন। শুধু তাই নয় ফুটপাতেও বসেছে অজস্র দোকান। এরমধ্যে ক্রেতা-বিক্রেতার অধিকাংশই মানছে না স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব।
এ বিষয়ে সম্প্রতি বাংলাদেশ দোকান মালিক সমিতির সহসভাপতি ও ঢাকা দোকান মালিক সমিতির সভাপতি তৌফিক এহসান খান গণমাধ্যমকে বলেন, স্বাস্থ্যবিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর নির্দেশনা মেনে দোকানে বেচাকেনার কথা বলা হয়েছে সবাইকে। ক্রেতা ও বিক্রয়কর্মীর দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক, জীবাণুনাশক বাধ্যতামূলক। স্বাস্থ্যবিধি না মানলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তাদের দোকান বন্ধ করে দেওয়া হবে।
বিশিষ্টজনরা বলছেন, আমরা গণমাধ্যমে দেখেছি করোনা ঝুঁকি নিয়েই দেশের বিভিন্ন জায়গায় মার্কেট-শপিংমলে ক্রমেই মানুষের ভিড় বাড়ছে। কোথাও সামাজিক দূরত্ব মানা হচ্ছে না। এমনকি অনেকেই মাস্ক ও গ্লাভস না পরেই ঈদবাজার করছেন। এ বিষয়ে সরকারকে কঠোর সিদ্ধান্ত নিতে হবে; না হলে দেশে করোনার বিস্তার ভয়াবহ রূপ নিতে পারে।