শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৪৪ পূর্বাহ্ন
মামুন আহমেদ :: বানারীপাড়ায় প্রাণঘাতি করোনাভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধে লকডাউন ও স্বেচ্ছায় কোয়ারেন্টাইনে থাকা কর্মহীন অসচ্ছল প্রতিটি পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পর্যাপ্ত নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য সামগ্রী দেওয়া হলেও তা জোটেনি সৈয়দকাঠি ইউনিয়নের ৯নং ওয়ার্ড নলশ্রী গ্রামের অসহায় বুদ্ধিপ্রতিবন্ধী আ. রহিমের ভাগ্যে। সে ওই গ্রামের মৃত ফয়জর আলীর পুত্র। একমাত্র বৃদ্ধা মা তার সহায়। পিতৃহারা বুদ্ধিপ্রতিবন্ধী . রহিম নলশ্রীর বটতলা বাজারে দোকানে দোকানে পানি সরবরাহ করে যৎসামান্য যে আয় করেন তা দিয়ে কোনোদিন দু’বেলা আবার কোনোদিন একবেলাও খেয়ে না খেয়ে তাকে দিনাতিপাত করতে হয়। কিন্তু করোনা পরিস্থিতিতে লকডাউনের কারণে ঘরে থাকায় তার সামান্য উপার্জনও বন্ধ হয়ে যায়। সরকারিভাবে ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে ত্রাণের চালসহ অন্যান্য নিত্যপণ্য প্রতিটি ওয়ার্ডের কর্মহীন অসহায় পরিবারে দেওয়া হলেও তার কানাকড়িও জোটেনি আ. রহিমের ভাগ্যে। তার অসহায় বৃদ্ধা মা স্থানীয় ইউপি সদস্যের দ্বারে দ্বারে ঘুরেও কোনো সাহায্য-সহযোগিতা পাননি বলে অভিযোগ রয়েছে। তার মা ও এলাকাবাসীর অভিযোগ স্থানীয় ইউপি সদস্যকে ভোট না দেওয়ায় তার এ পরিণতি। এ ব্যাপারে উপজেলা চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী কর্মকর্তার দৃষ্টি আকর্ষণ করেছেন এলাকাবাসী।