শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৮ পূর্বাহ্ন
নিউজ ডেসক্ :: বরিশালের হিজলা উপজেলায় সুপারি গাছের বাকল দিয়ে ঝুলন্ত অবস্থায় ৭ বছর এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আরাফাত বালী নামক এ শিশুটি হিজলার মাউলতলা গ্রামের আব্দুর রব বালীর ছেলে। তার গাঁয়ে কাদা মাখানো এবং বিবস্ত্র ছিল।
তাকে নির্মমভাবে হত্যার পর মরদেহটি ঝুলিয়ে রাখা হয়েছে বলে ধারনা করা হচ্ছে। সোমবার রাতে বাড়ির অদূরে বাগানে আরাফাতের মরদেহ পাওয়া যায়।
হিজলার দায়িত্বপ্রাপ্ত জেলা পুলিশের বিশেষ শাখার উপ পরিদর্শক রিয়াজ উদ্দিন জানান, সোমবার বিকাল থেকে শিশুটি নিখোঁজ ছিল। একটি কাঁঠাল গাছের সঙ্গে সুপারির বাকল দিয়ে গলায় ফাঁস লাগানো (বাঁধা) অবস্থায় আরাফাতের মরদেহ ঝুলতে দেখতে পান এক নারী। তার ডাক-চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার লাশ উদ্ধার করে। বিবস্ত্র ঝুলন্ত শিশুটির সারা শরীরে এবং মুখমণ্ডলে কাঁদা মাখা ছিলো।
হিজলা থানার ডিউটি অফিসার সহকারী উপ পরিদর্শক নুরুল আলম মঙ্গলবার দুপুরে বলেন, শিশুটির বাবা আব্দুর রব ঢালী বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে মামলা দায়ের করেছেন।
পুলিশ এ পর্যন্ত শিশু হত্যাকাণ্ডে কোন ক্লু খুঁজে পায়নি। লাশ ময়না তদন্তের জন্য শেরেবাংলা চিকিৎসা মহাবিদ্যালয় হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।