সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৮:২৭ পূর্বাহ্ন
মামুন আহমেদ :: জন্ম থেকেই মা যে আমার
দুঃখ-সুখের সাথী,
আমার মনের অন্ধকারে
দেন জ্বালিয়ে বাতি।
বুকের মাঝে তিনি আমায়
জড়িয়ে কেবল রাখেন,
আমার কোনো বিপদ হলে
বিধাতাকে ডাকেন।
অনেক দুখেও খুশি থাকেন
আমায় কাছে পেলে,
নিজের আরাম-আয়েশ তিনি
দেন যে দূরে ঠেলে।
যেখানে যাই যত দূরে
কেউ না থাকুক পাশে,
ভালোবাসার স্বপ্ন হয়ে
মা যে কাছে আসে।
মা’র জন্য মন সারাক্ষণ
উদাস, পাগলপারা,
এক মুহূর্ত যায় না ভাবা
মা-জননী ছাড়া।
মা যে আমার সব সেরা ধন
হীরা-মানিক-রতন,
পৃথিবীতে কেউ নেই আর
আমার মায়ের মতন।
(মা, সন্ধ্যানদীর তীরে)