শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: জেলেদের জন্য সরকারিভাবে বরাদ্দকৃত বিনামূল্যে খাদ্য সহায়তার (বিশেষ ভিজিএফ) পুরো চাল করোনা সংকটের মুহূর্তেও আত্মসাৎ করেছেন এক ইউপি চেয়ারম্যান। পরবর্তীতে নিজের অপকর্ম ঢাকতে চালের পরিবর্তে তালিকাভুক্ত কয়েকজন কার্ডধারীর মাঝে নগদ অর্থ বিতরণ করেছেন বরিশাল জেলার গৌরনদী উপজেলার বার্থী ইউপি চেয়ারম্যান ।
সুবিধা বঞ্চিত জেলে, ইউপি সদস্য ও এলাকাবাসীর অভিযোগ, চেয়ারম্যান তার নিকট আত্মীয়, ব্যবসায়ী, কৃষক, প্রবাসীসহ অন্য পেশার অধিকাংশ ব্যক্তির নাম জেলেদের তালিকায় অন্তর্ভুক্ত করেছেন। তার (চেয়ারম্যান) অনিয়ম ও দুর্নীতির কারণে প্রকৃত জেলেরা সরকারের খাদ্য সহায়তা থেকে বঞ্চিত হয়েছেন। তাই বিষয়টি নিয়ে জেলে ও স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
উপজেলার বার্থী ইউনিয়নের সদস্য (মেম্বার) বজলুর রশিদ অভিযোগ করেন, বার্থী ইউপিতে ৮০ জন জেলের প্রত্যেকের নামে বরাদ্দ করা চলতি বছরের ফেব্রয়ারি ও মার্চ মাসের ৮০ কেজি চাল সঠিকভাবে বন্টন করা হয়নি। চাল বিতরণে নানা অনিয়ম ও দুর্নীতি করেছেন চেয়ারম্যান শাহজাহান প্যাদা।
এ কারণে ওয়ার্ডের অধিকাংশ জেলেরা গত দুই মাসের বরাদ্দকৃত চাল পায়নি। জেলেদের চাল বিতরণের অনিয়মের বিষয়টি জানাজানি হওয়ার পর চেয়ারম্যান কয়েকদিন আগে বার্থীসহ বিভিন্ন এলাকার কিছু সংখ্যক জেলের মাঝে ৫০০ থেকে এক হাজার টাকা করে বিতরণ করেছেন।
পশ্চিম বার্থী গ্রামের ২৭ জন জেলেকে চালের বদলে নগদ এক হাজার টাকা প্রদান করা হয়েছে বলেও তিনি অভিযোগ করেন। বার্থী গ্রামের জেলে অমূল্য হালদার, কালাম সরদার অভিযোগ করে বলেন, এ বছর কোনো খাদ্য সহায়তা পাইনি। জেলে না হয়েও এলাকার অনেকের নাম তালিকায় রয়েছে, তারা ত্রাণও পাচ্ছেন।
ওই গ্রামের জেলে মন্টু হাওলাদার ও আলম হাওলাদার বলেন, আমরা কিছুই পাইনি। কয়েকদিন আগে স্থানীয় মৎস্য চাষি তরুনী রায়ের মাধ্যমে কয়েকজন জেলেকে এক হাজার করে টাকা দিয়েছেন ইউপি চেয়ারম্যান শাহজাহান প্যাদা। একইভাবে তাঁরাকুপি গ্রামের পলাশ রায় ৫০০ টাকা পেয়েছেন বলে জানান।
তবে জেলেদের চাল আত্মসাৎ ও তাদের মাঝে চালের পরিবর্তে টাকা প্রদানের অভিযোগ অস্বীকার করেছেন বার্থীর ইউপি চেয়ারম্যান মো. শাহজাহান প্যাদা।
তিনি জানান, কোনো অনিয়ম করিনি। ইউপির ৮০ জন জেলের নামে বরাদ্দ করা দুই মাসের চাল ১৬০ জন জেলের মাঝে ভাগ করে দিয়েছি।
উপজেলা মৎস্য অফিসার সৈয়দ নজরুল ইসলাম জানান, চলতি বছর উপজেলার সাতটি ইউপি ও পৌরসভায় ৮৫৫ জন কার্ডধারী জেলের নামে খাদ্য সহায়তার সরকারি চাল বরাদ্দ দেয়া হয়েছে। এরমধ্যে খাঞ্জাপুর ইউপির ১১১ জন, বার্থী ইউপিতে ৮০ জন, চাঁদশী ইউপিতে ৮০ জন, মাহিলাড়া ইউপিতে ৯০জন, বাটাজোর ইউপিতে ৯০জন, নলচিড়া ইউপিতে ১৫০জন, সরিকল ইউপিতে ১৫০ জন ও পৌরসভায় ১০৪ জন জেলে সরকারি খাদ্য সহায়তা পাচ্ছেন।
তিনি আরো জানান, জাটকা ধরা থেকে বিরত থাকা প্রত্যেক জেলে পরিবারকে বছরের ফেব্রয়ারি মাস থেকে মে মাস পর্যন্ত এই চার মাসে ৪০ কেজি করে মোট ১৬০ কেজি চাল দেয়ার সরকারি নির্দেশ রয়েছে। দুই কিস্তিতে এ চাল বিতরণ করা হচ্ছে।
অর্থাৎ প্রত্যেকবার একত্রে দুই মাসের জন্য ৮০ কেজি করে সরকারি ত্রাণের চাল পাবেন প্রত্যেকটি জেলে পরিবার। চলতি বছরের ফেব্রয়ারি ও মার্চ মাসের বরাদ্দ চাল গত দেড় মাস আগে দেয়া হয়েছে। কয়েকদিনের মধ্যেই গৌরনদীর ৮৫৫ জন জেলেদের মাঝে পুর্নরায় এপ্রিল ও মে মাসের চাল বিতরণ করা হবে।
গৌরনদীর ইউএনও ইসরাত জাহান জানান, জেলেদের মাঝে চাল বিতরণে অনিয়ম হয়েছে তা আমার জানা নেই। মৎস্য অফিসার ও ত্রাণের চাল বিতরণ কাজে সংশ্লিষ্ট ট্যাগ অফিসাররাও আমাকে কিছুই জানাননি। তবে এ ব্যাপারে সুনিদিষ্ট অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।