শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় বৃষ্টির জমে থাকা পানিতে ডুবে হাসান নামে ১৫ মাসের এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার পাঁকা ইউনিয়নের বোগলা উড়ি জাইটপাড়ার তৌহিদুল ইসলামের ছেলে। শুক্রবার (১ মে) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের চাচা জাকির হোসেন জানান, দুপুর থেকে থেমে থেমে ওই এলাকায় বৃষ্টি হচ্ছিল। সেই বৃষ্টিতে হাঁটু সমান পানি ছোট একটি ডোবাতে জমা হয়। একপর্যায়ে পরিবারের অগোচরে শিশুটি পরিবারের সদস্যদের বেখেয়ালে সেই পানিতে ডুবে মারা যায়। পরে মরদেহ ভেসে উঠলে বিষয়টি জানাজানি হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পাঁকা ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ড সদস্য জসিম অনুসন্ধান ২৪কে বলেন, শিশুটির বাবা পেশায় একজন ধানকাটা শ্রমিক। বর্তমানে তিনি জেলার বাইরে অবস্থান করছেন। তিনি বাড়ি ফিরলেই শিশুটির দাফন সম্পন্ন করা হবে।
এ দিকে, ছোট শিশু হাসানের মৃত্যুর ঘটনায় ওই এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।