মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: ইংল্যান্ডের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এবং সে দেশের সরকারের চিকিৎসা বিষয়ক উপদেষ্টা প্রফেসর ক্রিস হোয়াইটি সতর্ক করে দিয়ে বলেছেন, করোনাভাইরাস দ্বিতীয়বার ছড়িয়ে পড়তে শুরু করলে তা প্রথমবারের তুলনায় তীব্র হতে পারে এবং শীতকালে এটির সংক্রমণ শুরু হলে দ্রুত ছড়িয়ে পড়তে পারে। যার ফলে ভয়ঙ্কর আকার হতে পারে। প্রফেসর ক্রিস হোয়াইটি আরো বলেন, প্রতিটি দেশই লকডাউন ব্যবস্থা শিথিল করার উপায় খুঁজছে। কিন্তু মহামারিটি নিয়ন্ত্রণে রাখতে অত্যন্ত কঠিন ভারসাম্য রক্ষা আইন চালু করতে হবে।
তিনি আরো বলেন, এই ভাইরাসে আক্রান্ত একজন ব্যক্তি থাকলেও তিনি অন্যদেরকে সংক্রমিত করতে পারেন। এটা নিশ্চিত করা দরকার যে- এই ভাইরাসে আক্রান্ত একজনও নেই। যদি এটা করা সম্ভব না হয়- তাহলে আমরা দ্বিতীয়বার করোনাভাইরাসের তাণ্ডব প্রত্যক্ষ করতে বাধ্য হবো।
ক্রিস হোয়াইটি আরো বলেন, ভাইরাসটি থেকে আমরা সম্পূর্ণরূপে নিরাময় না হতে পারলে প্রথমবারের চেয়ে বেশি অক্রান্ত ও মৃত্যু দেখতে হবে। আর এটা হবে আগের তুলনায় কম সময়ে এবং বেশি বিধ্বংসী আকারে।
তবে তিনি এও বলেছেন, করোনাভাইরাস থেকে মুক্তি লাভের পথ অনেক লম্বা এবং এই রোগ চিরতরে নির্মূল করা প্রযুক্তিগতভাবে অসম্ভব।
সূত্র: ওয়ালেস অনলাইন