রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: সারাবিশ্বেই ছড়িয়ে পড়েছে নভেল করোনাভাইরাস। লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। এর বাইরে নয় রাশিয়াও। প্রথম দিকে দেশটিতে করোনায় তেমন আক্রান্ত না থাকলেও বর্তমানে ৮৭ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। যাদের মধ্যে ২ হাজারের বেশি সেনাসদস্য রয়েছেন। এ পর্যন্ত দেশটির সেনাবাহিনীর বিভিন্ন পর্যায়ের ২ হাজার ৯০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে।
গতকাল ২৭ এপ্রিল, সোমবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, সেনাবাহিনীতে আক্রান্তদের মধ্যে সেনা সদস্য, ক্যাডেট এবং সিভিল কর্মকর্তারা রয়েছেন।
তারা আরো জানায়, মার্চ মাস থেকে থেকে এপ্রিলের ২৬ তারিখ পর্যন্ত সশস্ত্র বাহিনীর মোট ৮৭৪ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। আক্রান্তদের সকলকেই আইসোলেশনে রাখা হয়েছে।
এছাড়া দেশটির সামরিক একাডেমি ও বিদ্যালয়ের ৯৭১ জন ক্যাডেট এবং ২৪৫ জন সিভিল কর্মীর শরীরেও শনাক্ত হয়েছে ভাইরাসটির উপস্থিতি, যাদের বেশিরভাগেরই কোন লক্ষণ ছিলনা। দেশটির সামরিক একাডেমি ও সেনাসদস্যদের মধ্যে করোনাভাইরাস মহামারী রূপে দেখা দিয়েছে বলে গত সপ্তাহে সেখানকার মুক্ত গণমাধ্যমগুলো জানায়।
এছাড়াও করোনা ঠেকাতে পর্যাপ্ত পদক্ষেপ নিতে ব্যর্থ হওয়ায় মস্কোর কিরোভ মিলিটারি একাডেমির প্রধানকে বরখাস্ত করা হয়েছে বলেও জানা গেছে।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যমতে, এ রিপোর্ট লেখা পর্যন্ত (২৮ এপ্রিল, সকাল সাড়ে ১০টা) রাশিয়ায় ৮৭ হাজার ১৪৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে ৭৯৪ জনের মৃত্যু হয়েছে। বিপরীতে সুস্থ হয়ে উঠেছেন ৭ হাজার ৩৪৬ জন। এখনো চিকিৎসাধীন রয়েছেন ৭৯ হাজার ৭ জন, যাদের মধ্যে ২ হাজার ৩০০ জনের অবস্থা আশঙ্কাজনক।