রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪৭ পূর্বাহ্ন
অনলাইন নিউজ :: ভারতে ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হওয়া ১ হাজার ৪২৮ জনকে শনাক্ত করা হয়েছে। এই সময়ে দেশটিতে মৃত্যু হয়েছে ৫৭ জন করোনা আক্রান্ত মানুষের।
শনিবার (২৫ এপ্রিল) ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তথ্য জানিয়েছে। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস এখবর জানিয়েছে।
শনিবার সকাল ৮ টা পর্যন্ত ভারতের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ২৪ হাজার ৫০৬। এদের মধ্যে মৃত্যু হয়েছে ৭৭৫ জনের এবং সুস্থ হয়েছেন ৫ হাজার ৬৩ জন।
২৫ মার্চ লকডাউন জারির আগ পর্যন্ত ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ছিল ৬০৬ এবং মৃত্যু হয়েছিল ১০ জনের। কর্তৃপক্ষ দাবি করছে, লকডাউনের কারণে করোনার সংক্রমণ মন্থর হয়েছে।
সরকারের নিয়মিত ব্রিফিংয়ে শুক্রবার নীতি আয়োগ সদস্য ভিকে পাল বলেন, আমরা যদি ২১ মার্চের দিকে ফিরে যাই তাহলে দেখতে পাব প্রতি তিন দিনে আক্রান্তের সংখ্যা দ্বিগুণ হচ্ছিল।
২৩ মার্চ জনতা কারফিউ পালিত হলে গুরুত্বপূর্ণ মোড় নেয়। এতে দ্বিগুণ হওয়ার সময় পাঁচ দিন হয়। এর মধ্যেই ভ্রমণ নিষেধাজ্ঞা ও সামাজিক দূরত্ব পালন শুরু হয়। ৬ এপ্রিল থেকে দ্বিগুণ হওয়ার সময় কিছুটা বৃদ্ধি পায়। কিন্তু এখন তা ৮.৬ দিনে রয়েছে।
অবশ্য বিশেষজ্ঞরা বলছেন, এই হার হয়তো মহামারির সঠিক চিত্র তুলে ধরছে না। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের তথ্য অনুসারে, বুধ ও বৃহস্পতিবার ভারতে পরীক্ষা করা হয়েছে ৪০ হাজার।
২৫ মার্চ এই সংখ্যা ছিল ২০ হাজার ৮৬৪। ভারতে প্রতি দশ লাখে পরীক্ষার সংখ্যা ৪০১। যা বিশ্বের অন্যান্য দেশের তুলনায় কম। তবে এই সংখ্যা বাড়ছে। ৩১ মার্চ এই সংখ্যা ছিল মাত্র ২৭।