মামুন আহমেদ, বানারীপাড়া :: বানারীপাড়ায় প্রথমবারের মতো করোনাভাইরাসে আক্রান্ত দু’জন নারী রোগী শনাক্ত হয়েছে।
তারা উপজেলার উদয়কাঠি ইউনিয়নের তেতলা(মধুরভিটা) গ্রামের খলিলুর রহমানের স্ত্রী(৪৫) ও কন্যা(১৬)। জানা গেছে, গত ১৭ এপ্রিল শুক্রবার ডায়রিয়ায় আক্রান্ত হয়ে খলিলুর রহমানের কন্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন।
১৮ এপ্রিল ওই মেয়েটি ও তার সঙ্গে থাকা মায়ের নমুনা সংগ্রহ করে কর্তব্যরত চিকিৎসকরা বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠান। ২০ এপ্রিল তারা হাসপাতাল থেকে গোপনে বাড়ি চলে যায়। ২১ এপ্রিল মঙ্গলবার দুপুরে ওই মা ও মেয়ের করোনা পরীক্ষার ফলাফল পজেটিভ আসে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আব্দুল্লাহ সাদীদ বাড়িতে অ্যাম্বুলেন্স পাঠিয়ে করোনা আক্রান্ত ওই দুই মা-মেয়েকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠনোর ব্যবস্থা করেন। উদয়কাঠি ইউনিয়ন পরিষদের
চেয়ারম্যান(ভারপ্রাপ্ত) জাকির হোসেন জানান, খলিলুর রহমানের ছেলে বালুর জাহাজের শ্রমিক গাফ্ফার(২০) সম্প্রতি নারায়ণগঞ্জ থেকে বাড়িতে এসে তথ্য গোপন করে বাগেরহাট থেকে এসেছে বলে এলাকায় প্রচারণা চালায়। গাফ্ফারের মাধ্যমে তার মা ও বোনের দেহে করোনাভাইরাস সংক্রমিত হতে পারে বলে অনেকের ধারণা। বানারীপাড়ায় এই প্রথম করোনাভাইরাসে কোনো রোগী সনাক্ত হওয়ার খবরে সর্বত্র “করোনা আতঙ্ক” ছড়িয়ে পড়ে।
এ ঘটনায় বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১ জন ডাক্তার, ৩ জন নার্স ও ৫ জন স্টাফকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে এবং উদয়কাঠির তেতলা এলাকা লকডাউন করে দেওয়া হয়েছে।