রবিবার, ২৬ Jul ২০২৬, ০২:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় অসহায় দুস্থ নারীদের জন্য ভিজিডি’র দুই হাজার ৫৫০ কেজি সরকারি চাল আত্মসাতের অভিযোগে নড়াইলে এক ইউনিয়ন চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
মঙ্গলবার (২১ এপ্রিল) দুদকের সমন্বিত জেলা কার্যালয় যশোরের সহকারী পরিচালক মো. মাহফুজ ইকবাল বাদী হয়ে মামলাটি দায়ের করেন। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা (পরিচালক) প্রণব কুমার ভট্টাচার্য বিষয়টি নিশ্চিত করেছেন।
মামলার আসামি হলেন- নড়াইল জেলার কালিয়া উপজেলার পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জার্জিদ মোল্লা।
মামলার অভিযোগে বলা হয়েছে, সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় সরকারের চলমান প্রকল্পগুলোর মধ্যে তৃণমূল পর্যায়ের অসহায় পরিবারের নারীদের দুই বছরব্যাপী বিনামূল্যে প্রতিমাসে ৩০ কেজি করে ভিজিডি চাল দেওয়া হয়।
এরই ধারাবাহিকতায় চলতি ২০১৯-২০ অর্থবছরে কালিয়া উপজেলার ১১ নং পেড়লী ইউনিয়নে ১৯০ জনকে ভিজিডি সুবিধার আওতায় ভিডিজি কার্ড দেওয়া হয়।
১৯০টি কার্ডের বিপরীতে ৫৭০০ কেজি চাল সরবরাহ করা হয়। কিন্তু আসামি পেড়লী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জার্জিদ মোল্লা দুই হাজার ৫৫০ কেজি চাল অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে আত্মসাৎ করেন। এ কারণে দণ্ডবিধির ৪০৬ ও ৪০৯ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে।
করোনাভাইরাস পরিস্থিতিতে সামাজিক নিরাপত্তামূলক কর্মসূচীতে দুর্নীতির অভিযোগে এর আগে দেশের বিভিন্ন স্থানে ৬টি মামলা দায়ের করে দুদক।