সোমবার, ২৭ Jul ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: ব্রিটেনে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে অন্তঃসত্ত্বা এক নার্স মারা গেছেন। তবে মৃত্যুর আগে তিনি সফলভাবে সন্তান প্রসব করেছেন এবং তার সন্তান সুস্থ রয়েছেন।
বিবিসি’র এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
মারা যাওয়া মেরি আগিয়েইওয়া আগিয়াপং (২৮) ব্রিটেনের লিউটন অ্যান্ড ডানস্টেবল ইউনিভার্সিটি হাসপাতালে গত পাঁচ বছর ধরে কাজ করছিলেন। করোনা আক্রান্ত নার্স মেরি ৮ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন।
সংক্রমণের পর অনাগত সন্তানকে করোনা থেকে বাঁচাতে জরুরি ভিত্তিতে তার সিজারের মাধ্যমে সন্তান প্রসব করা হয়েছে। এরপর গত রবিবার সেই হাসপাতালেই তার মৃত্যু হয়।
হাসপাতালের একজন নারী মুখপাত্র ওই নার্সের সন্তান খুবই ভাল আছে বলে জানিয়েছেন। তবে ওই শিশুটিও তার মায়ের মাধ্যমে করোনা আক্রান্ত হয়েছে কিনা সে বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি।
নার্স মেরি আগিয়েইওয়া আগিয়াপং এর দেহে করোনা ভাইরাস শনাক্ত হওয়ার দু’দিন পর গত ৭ এপ্রিল তিনি হাসপাতালে ভর্তি হন। তার স্বামী বর্তমানে সেল্ফ আইসোলেশনে রয়েছেন, তার কোভিড-১৯ পরীক্ষা করা হচ্ছে।
ওই নার্সের পরিবারকে সহায়তা করার জন্য তার সহকর্মীরা তহবিল তৈরি করেছেন। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছে হাসপাতাল কর্তৃপক্ষ।
জন হপকিন্স ইউনিভার্সিটির সর্বশেষ তথ্যানুযায়ী, ব্রিটেনে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ৯৯ হাজার ৫১৬ জন। মারা গেছে ১২ হাজার ৮৬৮ জন।