রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: কুয়েতে অবৈধভাবে বসবাসকারীদের সাধারণ ক্ষমা ঘোষণা করেছে দেশটির সরকার।
শনিবার সাধারণ ক্ষমা ঘোষণার প্রথম দিনে প্রায় ১৫শ’ অবৈধ বাংলাদেশি এ সুযোগ গ্রহণ করেছেন বলে জানা গেছে।
এ ক্ষেত্রে যারা নিজ দেশে বা বাংলাদেশে ফিরতে চান, তাদের কোনো ধরনের জরিমানা দিতে হবে না। পাশাপাশি ফেরার যাবতীয় খরচ বহন করবে কুয়েত সরকার।
শনিবার রাতে কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, কুয়েত সরকার অবৈধ বসবাসকারীদের ১ এপ্রিল থেকে ৩০ এপ্রিল পর্যন্ত সাধারণ ক্ষমা ঘোষণা করেছে। এর আওতায় যারা দেশে ফিরবেন, তাদের বেশকিছু সুবিধা দেয়া হবে।
এগুলোর মধ্যে রয়েছে- কোনো ধরনের আর্থিক জরিমানা ছাড়া দেশে যাওয়ার সুযোগ। প্লেনের টিকিটসহ যাবতীয় খরচ বহন করবে সরকার। সাধারণ নিয়মে কুয়েতে আবার আসার সুযোগ। কুয়েত ছেড়ে যাওয়ার সময় নির্দিষ্ট স্থানে কিছু সময়ের জন্য থাকতে হবে, যেখানে থাকা-খাওয়াসহ যাবতীয় ব্যবস্থা নেবে কুয়েত সরকার।
ওই বিজ্ঞপ্তিতে ১২ এপ্রিল (রোববার) থেকে ১৫ এপ্রিলের মধ্যে অবৈধ বাংলাদেশি প্রবাসীদের প্রয়োজনীয় কাগজপত্রসহ যোগাযোগ করতে বলা হয়েছে।
যারা এ সুযোগ নিতে চায়, তাদের দেশে ফেরার ভিত্তিতে তিন কপি পাসপোর্ট সাইজ ছবিসহ অরজিনাল পাসপোর্ট অথবা পাসপোর্টের ফটোকপি, পাসপোর্ট না থাকলে কুয়েতের সিভিল আইডি কপি, অথবা যাদের পাসপোর্ট ও সিভিল আইডি নেই, তাদের বাংলাদেশের জাতীয় পরিচয়পত্রের কপি এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে নির্ধারিত স্থানে আসার কথা বলা হয়েছে।
স্থানীয় পত্রিকা দ্য টাইমস কুয়েত সূত্রে জানা গেছে, দেশটিতে বর্তমানে বিভিন্ন দেশের এক লাখেরও বেশি অবৈধ অভিবাসী রয়েছে।