শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: ভারতজুড়ে তিন সপ্তাহের লকডাউন শুরু হওয়ার পর রাজধানী দিল্লি থেকে হেঁটে বাড়ির পথে রওনা দিয়েছিলেন এক ব্যক্তি, কিন্তু ৩০০ কিলোমিটারেরও বেশি দূরে মধ্যপ্রদেশের বাড়িতে পৌঁছানোর আগে পথেই তার মৃত্যু হয়েছে।
৩৮ বছর বয়সী এই ব্যক্তির নাম রানবীর সিং, তিনি দিল্লিতে ডেলিভারি এজেন্ট হিসেবে কাজ করতেন বলে জানিয়েছে এনডিটিভি। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ২১ দিন ব্যাপী লকডাউন ঘোষণার পর থেকে ভারতজুড়ে লাখ লাখ দিনমজুর কর্মহীন হয়ে পড়েছে।
দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করা এসব লোক টাকার অভাবে খাবারও কিনতে পারছেন না, হারিয়েছেন আশ্রয়; ফলে গ্রামে নিজ বাড়িতে ফিরতে মরিয়া হয়ে উঠেছেন তারা।
দিল্লি থেকে বাড়ির পথে রওনা হওয়া এমন কয়েক হাজার লোকের একজন ছিলেন রানবীর। সব গণপরিবহন বন্ধ থাকায় কয়েকশ কিলোমিটার দূরে বাড়ির পথে হেঁটেই রওনা হয়েছিলেন তিনি। রানবীবের বাড়ি মধ্যপ্রদেশের মোরেনা জেলায়। দিল্লি থেকে তার গ্রামের বাড়ির দূরত্ব প্রায় ৩২৬ কিলোমিটার।
দিল্লি থেকে মহাসড়ক ধরে উত্তর প্রদেশের আগ্রা পর্যন্ত প্রায় ২৩৭ কিলোমিটার যাওয়ার পর কাহিল হয়ে পড়েন তিনি। স্থানীয় এক দোকানদার তাকে চা ও বিস্কুট খেতে দেন, কিন্তু তারমধ্যেই হার্ট অ্যাটাকে মৃত্যু হয় তার।