রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৬ অপরাহ্ন
অনলাইন ডেস্ক :: করোনা আতঙ্কের আঁচ এবার লাগল তাজমহলের গায়ে। মঙ্গলবার থেকে বন্ধ করা হল ভারতের ঐতিহ্যবাহী সৌধ তাজমহল।
পর্যটকদের ভিড় এড়াতেই পৃথিবীর সপ্তম আশ্চর্য আপাতত কিছুদিন বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অন্যদিকে, বাণিজ্য নগরী মুম্বইতে ৫০ শতাংশ কর্মীকে বাড়িতে থাকতে নির্দেশ দেওয়া হয়েছে। করোনা রুখতেই প্রাথমিক ভাবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
দিন দশেক আগেই তাজমহল বন্ধ রাখতে চেয়ে অনুরোধ করেছিলেন আগ্রার মেয়র নভীন জৈন। যতদিন না পরিস্থিতি ঠিক হচ্ছে ততদিন এই ঐতিহাসিক স্মৃতিসৌধ বন্ধ রাখার আর্জি জানিয়েছিলেন তিনি। সেই দাবি মেনেই করোনা রুখতে বন্ধ করা হল তাজমহল।
অন্যদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ভারতে তৃতীয় মৃত্যু মহারাষ্ট্রের মুম্বইতে। মঙ্গলবার ৬৪ বছরের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে। কর্ণাটক এবং দিল্লির পরে মহারাষ্ট্রে মৃত্যু হল করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর।
ভারতে পাল্লা দিয়ে বাড়ছে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা। বর্তমান পরিসংখ্যান বলছে ভারতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১২৪।
বিভিন্ন রাজ্য থেকে একাধিক ঘটনা সামনে এলে এবং ওডিশা সরকারের তরফে ভ্রমণ নির্দেশিকা লাগু করা হয় যেখানে মার্চ মাসের ১৮ থেকে ইউরোপ এবং ইউনাইটেড কিংডম থেকে আসা নিষিদ্ধ করেছে।
ভারতের মতো বিশ্বের অন্য দেশেও পরিস্থিতি প্রায় একই। পাকিস্তানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৮৬।
শেষ ২৪ ঘন্টায়, মোট ১৩১টি ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পাকিস্তান মিডিয়া।
সুইৎজারল্যান্ডেও করোনা আতঙ্কে জরুরি অবস্থা জারি হয়েছে। ইতালিতে মৃত্যু বেড়ে দাঁড়িয়েছে ২১৫৮ জন। চিনের পরেই এমন মৃত্যুমিছিল ইতালিতে। চিনে সংখ্যাটা সাড়ে তিন হাজার ছুঁই ছুঁই। সব মিলিয়ে করোনা আতঙ্কে কাঁপছে গোটা বিশ্বই।