বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: গোপালগঞ্জে দুই পক্ষের সংঘর্ষের সময় গুলিতে রনি হাওলাদার নামের এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জানুয়ারি) সকাল ৯টার দিকে সদর উপজেলার বনগ্রাম পূর্বপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।
রনি বনগ্রাম পূর্বপাড়া এলাকার আনোয়ার হাওলাদার ছেলে। এ বছর বলাকইড় আজাহারিয়া উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের কথা ছিল তার।
জানা গেছে, ওই গ্রামের শেখ বংশের নতুন শেখকে ৩ থেকে ৪ দিন আগে মোল্লা বংশের রহিম ও ভুলু মোল্লা মারধর করেন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার সকালে নতুন শেখ রহিম মোল্যাকে মারধর করে। এর পরই উভয় বংশের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় সাবেক ইউপি সদস্য আজিজুল শেখের ছোড়া বন্দুকের গুলিতে রনি হাওলাদার ঘটনাস্থলেই মারা যায় বলে জানিয়েছেন বৌলতলী তদন্ত কেন্দ্রের পুলিশ পরিদর্শক মীর সাজেদুর রহমান।
গোপালগঞ্জ সদর থানার পরিদর্শক (ওসি) মো. মনিরুল ইসলাম জানান, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বনগ্রামে শেখ ও মোল্লা বংশের মধ্যে বিরোধ চলে আসছিল।
বৃহস্পতিবার সকালে ওই দুই বংশের লোকজন বলাকইড় পূর্বপাড়া এলাকায় সংঘর্ষে লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে রনি হাওলাদার নিহত হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়েছে। লাশ উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান ওই কর্মকর্তা।
এ ঘটনায় এলাকায় থমথমে অবস্থা বিরাজ করছে।