সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০১:৩৪ পূর্বাহ্ন
নিজস্ব প্রতিনিধি :: অতিরিক্ত যাত্রী বহনের দায়ে কক্সবাজারের টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে চলাচলকারী ৮টি জাহাজকে জরিমানা করা হয়েছে।
আজ সোমবার (২৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে হ্নীলার দমদমিয়া (বিআইডব্লিউটিএ) বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ নৌবন্দরে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে পর্যটকবাহী এই ৮টি জাহাজকে ২ লাখ ১ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।
এ অভিযানে উপস্থিত ছিলেন, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ আবুল মনসুর, নৌ-পুলিশের এ এস আই মোহাম্মদ মিরাজ উদ্দিন, নৌ-বন্দরের ট্রাফিক কর্মকর্তা জহির উদ্দিন ভূইয়া, অপারেটর মোহাম্মদ জাহাঙ্গীর আলম প্রমূখ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে পর্যটকবাহি ৮টি জাহাজ চলাচল করছে।
সোমবার খবর আসে, জাহাজে অতিরিক্ত যাত্রী বহন করছে। এরপর দূর্ঘটনা এড়াতে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম নেতৃত্বে একটি দল সেখানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে।
এসময় ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করায় ৮টি পর্যটকবাহি জাহাজকে ২ লাখ ১ হাজার ৯’শ টাকা জরিমানা আদায় করা হয়। জাহাজ গুলো হচ্ছে, কেয়ারি সিন্দাবাদ, কেয়ারি ক্রুজ এন্ড ডাইং, গ্রীন লাইন, বে-ক্রুজ, আর্টলান্টিক, এমভি ফারহান, এমভি পারিজাত, এমভি দোয়েল।
জানতে চাইলে টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইফুল ইসলাম অনুসন্ধান ২৪কে বলেন, ‘টেকনাফ-সেন্টমার্টিন নৌরুটে চলাচলকারী ৮টি পর্যটকবাহি জাহাজকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। ধারণক্ষমতার চেয়ে অতিরিক্ত যাত্রী বহন করা তাদের এ জরিমানা আদায় করা হয়েছে।
তিনি বলেন, ‘থার্টি ফার্স্ট নাইট উপলক্ষ্যে দিন দিন পর্যটক বৃদ্ধি পাচ্ছে। এজন্য দূর্ঘটনা এড়াতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
উল্লেখ যে, গত ১ নভেম্বর থেকে আগামী বছরের ৩০ মার্চ পর্যন্ত ৮টি জহাজকে চলাচলের অনুমতি দেওয়া হয়েছে। অভিযোগ রয়েছে, প্রতিদিন এসব জাহাজ অতিরিক্ত যাত্রী বহন করে আসছিল। এছাড়া পর্যাপ্ত লাইফ জ্যাকেটও নেই তাদের।