রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
মামুন আহমেদ :: বানারীপাড়ায় করোনাকালীন স্বাস্থ্যবিধি সুরক্ষা বিষয়ে ভ্রাম্যমাণ আদালতের বিশেষ অভিযান পরিচালিত হয়েছে। শনিবার(৪ জুলাই) সকাল সাড়ে ১০টায় পৌর শহরের বন্দরবাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ্ সাদীদের নেতৃত্বে মোবাইল কোর্টের এ বিশেষ অভিযান পরিচালিত হয়। প্রায় ২ ঘণ্টাব্যাপী পরিচালিত এ অভিযানে বন্দর বাজারে স্বাস্থ্যবিধি না মেনে ফেস মাস্ক না পরায় ১৫ জন ক্রেতা, বিক্রেতা ও পথচারীকে জরিমানা করা হয়।
সংক্রামক রোগ (প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল) আইন- ২০১৮ এর ১৫/২ ধারায় করা ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ১৩ জনের কাছ থেকে মোট ৪ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বানারীপাড়া উপজেলা ভাইস-চেয়ারম্যান মো. নুরুল হুদা, থানার উপ-পরিদর্শক(এসআই) মঞ্জুরুল ইসলাম, মোক্তার হোসেন(ডিএসবি), পৌর ছাত্রলীগের সভাপতি রুহুল আমিন রাসেল প্রমুখ। এদিকে বানারীপাড়ার সচেতন মহল এই অভিযান নিয়মিত পরিচালিত করার দাবি জানিয়েছেন। এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শেখ আব্দুল্লাহ্ সাদীদ বলেন, এ অভিযান কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য, করোনাকালীন ফেস মাস্ক না পরলে ১ লাখ টাকা জরিমানা ও ৬ মাস কারাদণ্ডের বিধান থাকলেও অনেকেই তা মানছে না। তাই সারাদেশের মতো বানারীপাড়ায়ও করোনা সংক্রমণ ও মৃত্যুর হার দিন দিন বৃদ্ধি পাওয়ায় এ অভিযান পরিচালিত হয়।