শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১১:৫২ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: পিরোজপুরের মঠবাড়িয়ায় মাদকাসক্ত স্বামীর সঙ্গে কলহের জেরে বিষপানে সাকিলা বেগম (২২) নামে এক গৃহবধূ আত্মহত্যা করেছেন। সোমবার (২৯জুন) বিকেলে উপজেলার পৌর এলাকার ৭ নম্বর ওয়ার্ডের মিরুখালী রোড এলাকায় এ ঘটনা ঘটে। সাকিলা ওই এলাকার বাসিন্দা মো. হাসান ঘরামীর স্ত্রী ও একই জেলার ভাণ্ডারিয়া উপজেলার হরিণপালা গ্রামের কাইয়ুম হাওলাদারের মেয়ে।
নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, গৃহবধূর সাকিলার স্বামী সৌদি আরব ফেরত হাসান ঘরামী মাদকাসক্ত ছিলেন। এনিয়ে এই দম্পতির মধ্যে প্রায়ই কলহ বেধে থাকতো। একই জেরে সোমবার বিকেল সাড়ে ৫টার দিকে বিষপান করেন সাকিলা। এসময় শ্বশুর বাড়ির লোকজন তাকে উদ্ধার করে মঠবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ইসরাত জাহান শিল্পী অনুসন্ধান ২৪কে জানান, ওই গৃহবধূকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ জ মো. মাসুদুজ্জামান অনুসন্ধান ২৪কে জানান, গৃহবধূর সাকিলার মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন দেখে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।