রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন
মামুন আহমেদ :: দেশে প্রাণঘাতী “নভেল করোনাভাইরাস ডিজিস-২০১৯” (কভিড-১৯) সংক্রমণের শুরুতেই এর বিরুদ্ধে লড়তে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা(স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা) ডা. এস এম কবির হাসান সামনের সারিতে ছিলেন।
১৯ মার্চ লকডাউন শুরু হওয়ার পর থেকে জীবনের ঝুঁকি নিয়ে করোনা রোগীদের নমুনা সংগ্রহ ও তাদের সুষ্ঠুভাবে সেবা দেওয়ার লক্ষ্যে তিনি বরিশালের বাসায় স্ত্রী ও সন্তানদের রেখে বানারীপাড়া হাসপাতালে থেকে অন্যান্য সাধারণ রোগীদের সেবায় আত্মনিয়োগ করতেন । তার নেতৃত্বে বানারীপাড়া উপজেলায় ১১৬ জন মানুষের নমুনা সংগ্রহ করে বরিশাল
শেবাচিম হাসপাতালের ল্যাব ও ঢাকায় “রোগ তত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর)”- এ পাঠানো হয়। এর মধ্যে ১৮ জনের রিপোর্ট পজিটিভ আসে। এসব রোগীদের চিকিৎসা দিয়ে সুস্থ করার কাজে তিনি নাওয়া-খাওয়া ও বিশ্রাম ভুলে সর্বদা নিয়োজিত থাকতেন। হাসপাতালের চিকিৎসাসেবা সচল রেখে তিনি সবার আস্থা ও ভরসার প্রতীকে পরিণত হয়েছিলেন। কিন্তু তিনি নিজেই এখন করোনা রোগী। তার শরীরে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্ট-সহ করোনা উপসর্গ দেখা দিলে নিজেই নিজের নমুনা পাঠান বরিশাল শেবাচিম হাসপাতালের আরটিপিসিআর ল্যাবে। সেখান থেকে গত বৃহস্পতিবার(১৮ জুন) তার রিপোর্ট পজিটিভ আসে। হাসপাতালের স্টাফ ও সাধারণ রোগীদের নিরাপদে রাখতে তিনি বরিশালের বাসায় গিয়ে হোম আইসোলেশনে চিকিৎসা নিচ্ছেন। এদিকে মানবদরদী এ চিকিৎসকের করোনা আক্রান্ত হওয়ার খবরে বানারীপাড়াবাসী সমব্যথী হওয়ার পাশাপাশি তার আশু রোগমুক্তি কামনা করেছেন ।
এ প্রসঙ্গে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম কবির হাসান বলেন, মানবতার সেবার জন্যই চিকিৎসা পেশায় ব্রতী হয়েছি এবং আমৃত্যু এ সেবায় নিয়োজিত থাকবো। তিনি সুস্থ হয়ে আবারও যেন চিকিৎসাসেবায় ফিরে আসতে পারেন সেজন্য সকলের দোয়া চেয়েছেন।