শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
নিজস্ব প্রতিবেদক :: বরিশালে কোয়ারেন্টাইনে আছেন জাতীয় পার্টির নেতাকর্মীরা। দলীয় কর্মী ও সাধারণ মানুষ এখন মনে করছেন জাপার নেতাকর্মীরা হয়তো নগরে করোনা পরিস্থিতি দেখে পালিয়েছেন। তাই তাদেরকে মানুষের পাশে পাওয়া যাচ্ছে না।
বরিশালের মাঠ পর্যায়ের একাধিক কর্মী জানান, হুসেইন মোহাম্মদ এরশাদ বেঁচে থাকতেই বরিশাল মহানগর ও জেলার স্থানীয় নেতৃবৃন্দের কোন্দলে এক রকম হযবরল অবস্থায় পড়ে যায় দলটি। এ কারণে মহানগর ও জেলায় কয়েকবার নেতৃত্বের বদল হয়েছে। তবু কোন্দল কমেনি, উন্নতি হয়নি সাংগঠনিকভাবে।
খোঁজ নিয়ে জানা গেছে, বরিশাল জেলা জাতীয় পার্টি এখন তিনটি গ্রুপে বিভক্ত। জেলা দেখছেন অধ্যাপক মহসিন-উল ইসলাম হাবুল, মহানগর রয়েছে মর্তুজা আবেদিনের দখলে ও সদর উপজেলার নেতৃত্ব দিচ্ছেন বসির আহমেদ ঝনু। তিন গ্রুপের মধ্যে অধ্যাপক হাবুল ও মর্তুজা আবেদিন ছাড়া এই নগরে অন্য কোনো নেতাকে নগরবাসী ঠিকমতো চেনেন না।
এদিকে কেন্দ্রীয় জাপায় পার্টির চেয়ারম্যান পরিবর্তনের পর ইকবাল হোসেন তাপসকে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব করা হয়। এর পর থেকে কয়েকবার বরিশালে তিনি নেতাকর্মীদের নিয়ে সভা করেছেন। তবে দলের গতি ফেরাতে পারেননি। গতি ফেরাতে পরে দায়িত্ব দেয়া হয় গোলাম কিবরিয়া টিপুকে। কিন্তু তাতেও কোনো কাজ হয়নি।
এ নিয়ে বরিশাল জেলা জাপা আহ্বায়ক ও কেন্দ্রীয় উপদেষ্টা অধ্যাপক মহসিন-উল-ইসলাম হাবুল বলেন, নতুন করে বিভিন্ন ওয়ার্ডে ও সদর উপজেলা ইউনিয়ন পর্যায়ে কিছু কিছু কমিটি করা হয়েছে। বর্তমান করোনা সংক্রমণের কারণে কমিটি গঠন করার কাজ স্থগিত রাখা হয়েছে। তবে আমরা মানুষের পাশে দাঁড়াচ্ছি না কথাটি সঠিক নয়। সাধ্যমতো চেষ্টা করছি।
এ ব্যাপারে কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও বরিশাল সদর আসনের প্রার্থী ইকবাল হোসেন তাপস বলেন, জাপা চেয়ারম্যান জি এম কাদেরের নির্দেশে ব্যক্তিগত তহবিল থেকে নগরী ও সদর উপজেলার প্রায় দুই হাজার পরিবারের মাঝে ত্রাণ উপহার দিয়েছি। কর্মীদেরও পাশে দাঁড়াচ্ছি। দলে কোন্দল বা গ্রুপিং থাকবেই। এসব না থাকলে প্রতিযোগিতা হয় না। এই গ্রুপিং বা কোন্দল দোষের কিছু না।