শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
আনোয়ার হোসেন ॥ প্রাণঘাতী করোনাভাইরাসের কারণে গত ২৬ মার্চ থেকে সারাদেশে ৬৭ দিন গণপরিবহণ চলাচল বন্ধ থাকার পর আজ সোমবার থেকে পুনরায় বরিশালসহ সকল জেলায় বাস ও মিনিবাস চলাচল শুরু হয়েছে।
আজ সকাল থেকে বরিশালের সকল বাসস্ট্যান্ড থেকে বাস চলাচল শুরু হয়। এছাড়া চলাচল করতে দেখা গেছে অটো, মাহিদ্রা, আলফা, পিকাপ ও ইজিবাইকসহ অন্যান্য গণপরিবহনও। তবে চলাচল শুরু হলেও নির্ধারিত ভাড়া আদায় ও স্বাস্থ্যবিধির কোনোটাই মানা হচ্ছে না বেশিরভাগ ক্ষেত্রে।
বরিশাল জেলার বিভিন্ন উপজেলার অভ্যন্তরীণ সড়কের যাত্রীবাহী বাস কাউন্টারের মাধ্যমে লাইন দিয়ে টিকিট বিক্রি করার নিয়ম করা হলেও সাধারণ যাত্রীরা সে নিয়ম উপেক্ষা করে একে অপরের গা ঘেঁষে লাইনে দাঁড়িয়ে টিকিট সংগ্রহ করছেন।
ঢাকা-খুলনা, যশোরসহ দূরপাল্লার যাত্রীবাহী বাস কাউন্টারের কর্তৃপক্ষ যাত্রীদের দূরত্ব বজায় রেখে টিকেট সংগ্রহ করার কথা বলার পরও যাত্রীরা সেসব কথায় কান না দিয়ে কার আগে টিকেট সংগ্রহ করবেন সেদিকে ব্যস্ত হয়ে পড়েছেন।
সরেজমিনে বরিশার নদীবন্দর, নতুল্লাবাদ, রুপাতলি এলাকা ঘুরে দেখা গেছে, সকাল থেকে বাসগুলোতে সামাজিক দূরত্ব না মেনেই যাত্রী পরিবহণ করছে। তবে টিকিট বিক্রিতে স্বাস্থ্যবিধি মানার পক্ষে নেই অনেকেই। অনেকের মুখে নেই মাস্ক। গ্লোবস পড়েছেন সামান্য কিছু মানুষ। বাসের মধ্যে নিরাপদ দূরত্ব না বজায়, যাত্রীদের বসানো হলেও মূল গোলযোগ দেখা গেছে বাসে ওঠার আগেই। বাসস্ট্যান্ডে এলোমেলোভাবে দাঁড়িয়ে থাকতে দেখা গেছে বাসগুলোকে। আর বাসের অপেক্ষায় সামাজিক দূরত্বে তোয়াক্কা না করে দাঁড়িয়ে আছেন যাত্রীরা। বাসস্ট্যান্ডগুলোতে পরিবহণ শ্রমিক ও যাত্রীদের চলাচলও সামাজিক দূরত্বে পরিপন্তী।
এদিকে বাসের পাশাপাশি সদর ঘাট থেকে রুপাতলি, রুপাতলি থেকে নতুল্লাবদ, নতুল্লাবাদ থেকে লঞ্চ ঘাটসহ বিভিন্ন রুটে চলাচল করেছে অটো, মাহিদ্রা, আলফা, পিকাপ। এসকল যানবাহনে সামাজিক দূরত্ব মানতে দেখা যায়নি। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না জেলখানার মোর থেকে আমিরগঞ্জ, ময়দানের হাট, বেল তলা খেয়া ঘাট, সায়েস্থাবাদ, রুপাতলি থেকে লাহার হাট, গোমা, বাকেরগঞ্জ, লেবুখালী, পটুয়াখালী, বরগুনা, নতুল্লাবাদ থেকে মাওয়া, এলাকাসহ বরিশালের বিভিন্ন এলাকায় চলাচলকারী ইজিবাইকে। গত বছরের ডিসেম্বরে চীনের উহান প্রদেশ থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস সারা পৃথিবীতে ছড়িয়ে পড়লে তার প্রভাব দেখা যায় বাংলাদেশেও।
গত ৮ মার্চ বাংলাদেশের প্রথম করোনা ভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়। এরপর ভাইরাসের সংক্রমণ রোধের সাধারণ ছুটি ঘোষণা করে বাংলাদেশ সরকার। গত ২৬ মার্চ থেকে দেশের সকল গণপরিবহন চলাচল বন্ধ ছিল। লকডাউন তুলে দিয়ে গতকাল থেকে শিক্ষা প্রতিষ্ঠান বাদে সকল কিছু সীমিত আকারে খুলে দেয় সরকার। সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চলাচলের অনুমতি দেয়া হয়। বাসে আসনের অর্ধেক যাত্রী নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে।
এতে গণপরিবহন মালিক-শ্রমিকরা ভাড়া বৃদ্ধির দাবি তোলেন। পরিবহন মালিকদের পক্ষ থেকে ৮০ শতাংশ ভাড়া বাড়ানোর প্রস্তাব থাকলেও গতকাল রোববার (৩১ মে) বাস ও মিনিবাসের ভাড়া ৬০ শতাংশ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার। বিআরটিসির বাসেও এই নতুন ভাড়া কার্যকরের কথা বলা হয়। নতুন ভাড়ায় বাস চালানোর আগে গতকাল বরিশালে বেশ কিছু সড়কে বাসে যাত্রী পরিবহন করতে দেখা যায়। তবে আজ সকাল থেকে বিভিন্ন স্থান থেকে অভিযোগ এসেছে, গণপরিবহণের নির্ধারিত ভাড়ার বেশি আদায় করা হচ্ছে। ৬০ শতাংশ বেশি ভাড়া নেয়ার কথা থাকলেও কোনো কোনো ক্ষেত্রে ৮০ শতাংশ এবং কোথাও কোথাও তারও বেশি আদায় করা হচ্ছে।