শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০২:৩৯ অপরাহ্ন
মামুন আহমেদ ॥ বানারীপাড়ায় পবিত্র ঈদুল ফিতর নামাজের স্থান নির্ধারণকে কেন্দ্র করে দু’পক্ষের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে ৭ জন আহত হয়েছে।
রবিবার (২৪ মে) সন্ধ্যায় চাখার ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এতে স্থানীয় ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেল, ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি মাসুম বিল্লাহ্, তার ছোট ভাই বাবু আকন, ব্যবসায়ী মোস্তাফিজুর রহমান টুটুল, হাবিব মোল্লা, লিটন ও যুবদল নেতা বিপ্লব আহত হয়।
আহতদের বানারীপাড়া উপজেলা ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ প্রসঙ্গে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও চাখারের ইউপি চেয়ারম্যান খিজির সরদার জানান, সরকারি নির্দেশনা অনুযায়ী ঈদুল ফিতরের নামাজ মসজিদে পড়ার জন্য রবিবার দুপুরে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে তিনি এলাকায় মাইকিং করান। কিন্তু ওই ইউনিয়নের বড় ভৈৎসর গ্রামের মসজিদে ঈদ জামাতের নামাজ পড়ার সিন্ধান্তের বিরোধিতা করে ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেল ও ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি বাবুল সিকদার স্থানীয় প্রাথমিক বিদ্যালয় মাঠে প্যান্ডেল নির্মাণ করে সেখানে ঈদের নামাজ পড়ার ঘোষণা দেন।
তাদের এ ঘোষণার পক্ষ নিয়ে ওয়ার্ড যুবদলের সভাপতি বিপ্লব ইউপি চেয়ারম্যান খিজির সরদার ও সরকারকে গালাগাল করে।
এ নিয়ে উপজেলা আওয়ামী লীগের ধর্ম সম্পাদক ও স্থানীয় চাউলাকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসার সদ্য সাবেক অধ্যক্ষ মাওলানা আব্দুল হাইয়ানের ছেলে বাবু আকনের সঙ্গে বিপ্লবের বাকবিতণ্ডার এক পর্যায়ে দু’জনের মাঝে হাতাহাতি হয়।
এ খবর পেয়ে বিপ্লবের পক্ষের ইউপি সদস্য মেজবাহ্ উদ্দিন সোহেল ও তার লোকজন ঘটনাস্থলে গিয়ে মাওলানা আব্দুল হাইয়ানের ভাই উপজেলার মলুহার ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষ মিজানুর রহমানকে পেয়ে ধাওয়া করে তার বাড়ির মধ্যে ঢুকে পড়ে। এ সময় মাওলানা মিজানুর রহমান, তার ভাই ও ভাইয়ের ছেলেদের সঙ্গে তাদের সংঘর্ষের ঘটনা ঘটে। এদিকে খবর শুনে আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো. শাহে আলম।