মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৪০ পূর্বাহ্ন
নিউজ ডেস্ক॥ করোনাভাইরাসের কারণে থমকে গেছে অর্থনৈতিক কর্মকাণ্ড। এর মধ্যেই ২০২০-২১ অর্থবছরের জন্য পাঁচ লাখ ৮০ হাজার কোটি টাকার বাজেট প্রস্তাব করতে যাচ্ছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আগামী ১১ জুন জাতীয় সংসদে বাজেট উপস্থাপনের কথা রয়েছে।
করোনার করণে আগামী বাজেটে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় আর্থিক সুবিধাভোগীর সংখ্যা প্রায় ১৬ লাখ বাড়িয়ে ৯৭ লাখে উন্নীত করতে চায় সরকার। এ জন্য চলতি বাজেটের তুলনায় আগামী বাজেটে বরাদ্দও এক হাজার ৬৩৩ কোটি টাকা বাড়িয়ে ৭৬ হাজার কোটি টাকা করা হচ্ছে।
অর্থ ও সমাজকল্যাণ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, করোনার প্রভাবে দেশে আরও নতুন করে অনেক বেশি মানুষ দরিদ্র হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আগামীতে তাদের সহায়তার আওতায় আনতে আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধাভোগীর সংখ্যা ১৬ লাখ ১৫ হাজার বাড়িয়ে ৯৭ লাখ ১৫ উন্নীত করা হবে। বর্তমানে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধাভোগীর সংখ্যা ৮১ লাখ।
গরিব ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীকে আর্থিকসহ সম্ভাব্য সব ধরনের সহায়তা দেয়ার ব্যবস্থাই হলো সামাজিক নিরাপত্তা বেষ্টনী। সরকারের দারিদ্র্য বিমোচন কৌশলপত্র (পিআরএসপি) ১৪টি সামাজিক নিরাপত্তা কর্মসূচি চিহ্নিত করেছে।
এ বিষয়ে সমাজকল্যাণ সচিব মোহাম্মদ জয়নুল বারী জাগো নিউজকে বলেন, ‘করোনার প্রভাব মাথায় নিয়েই চলতি বাজেটের তুলনায় আগামী বাজেটে সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধাভোগীর সংখ্যা কমপক্ষে ২০ শতাংশ বাড়ানোর পরিকল্পনা রয়েছে। আমরা আরও বেশি বড়ানোর জন্যও অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে কাজ করছি।’
তিনি আরও বলেন, ‘বর্তমানে ৮১ লাখ মানুষ বিভিন্ন কর্মসূচির মাধ্যমে সামাজিক নিরাপত্তার আওতায় সুবিধা পাচ্ছে। আগামী অর্থবছরে আমরা আরও ১৬ লাখ ১৫ হাজার দরিদ্র মানুষকে এর আওতায় আনতে চাই। এটা এখনো চূড়ান্ত হয়নি। তবে চূড়ান্তের পর্যায়ে রয়েছে।’
এ বিষয়ে অর্থ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন, ‘সাধারণত এ ক্ষেত্রে সুবিধাভোগীর সংখ্যা প্রতিবছর ১০ শতাংশ করে বাড়ানো হয়। এবার করোনার প্রভাবে নতুন করে বেশ সংখ্যাক দরিদ্র হওয়ার আশংকা রয়েছে। তাই এবারই ২০ শতাংশ বাড়ানো হচ্ছে। তবে সুবিধাভোগীর সংখ্যা বাড়লেও এবার সুবিধার পরিমাণ বাড়বে না। অর্থৎ আগে সুবিধাভোগীরা যে পরিমাণ সহায়তা পেতেন আগামীতেও সেটাই পাবেন।’
সংশ্লিষ্টরা বলছেন, করোনার প্রভাবে দেশে আরও নতুন করে অনেক বেশি মানুষ দরিদ্র হয়ে পড়ার আশঙ্কা রয়েছে। তাই আগামীতে এদের সহায়তার আওতায় আনতে আসন্ন বাজেটে সামাজিক নিরাপত্তা খাতে বরাদ্দ বাড়িয়ে ৭৬ হাজার কোটি টাকা করা হচ্ছে। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে ৭৪ হাজার ৩৬৭ কোটি টাকা, যা মোট বাজেটের ১৪ দশমিক ২১ শতাংশ। যা মোট দেশজ উৎপাদনের (জিডিপি) ২ দশমিক ৫৮ শতাংশ।
বর্তমানে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রায় দুই লাখ মুক্তিযোদ্ধা প্রতিমাসে সম্মানি ভাতা হিসেবে ১২ হাজার টাকা করে পাচ্ছেন। চলতি বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছে দুই হাজার ৬০০ কোটি টাকা। আগামী বাজেটে সুবিধাভোগীর সংখ্যা বাড়ানো হবে। এছাড়া তাদেরকে উৎসব ভাতা হিসেবে ১০ হাজার, নববর্ষ ভাতা হিসেবে দুই হাজার এবং বিজয় দিবস ভাতা পাঁচ হাজার টাকা করে দেয়ার সিদ্ধান্ত অপরিবর্তিত থাকছে।
চলতি বাজেটে প্রায় ৪৪ লাখ উপকারভোগী প্রতিমাসে ৫০০ টাকা হারে বয়স্ক ভাতা পাচ্ছেন। এ কর্মসূচির আওতায় আগামী বাজেটে উপকারভোগীর সংখ্যা আরও বাড়ানো হবে। এছাড়া চলতি বাজেটে ১৭ লাখ উপকারভোগী প্রতিমাসে ৫০০ টাকা হারে বিধবা ও স্বামী নিগৃহীতা ভাতা পাচ্ছেন। আগামী বাজেটে এখাতেও উপকারভোগীর সংখ্যা বাড়ানো হবে।
চলতি বাজেটে প্রায় ১০ লাখ অস্বচ্ছল প্রতিবন্ধী উপকারভোগী প্রতিমাসে ৭০০ টাকা হারে ভাতা পাচ্ছেন। আগামী বাজেটে এদের সংখ্যাও বাড়ানো হবে। বর্তমানে এক লাখ উপকারভোগী বিভিন্ন স্তরে প্রতিবন্ধী শিক্ষার্থী বিভিন্ন হারে এ ভাতা পাচ্ছেন। আগামী বাজেটে এ সংখ্যাও বাড়ানো হবে। এভাবে সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় প্রায় প্রতিটি কর্মসূচির উপকারভোগীর সংখ্যা বাড়নো হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছ।