শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৬:৫০ পূর্বাহ্ন
বার্তা পরিবেশক :: বানারীপাড়ায় কিশোরী নূরজাহান(১৫) আত্মহত্যার ঘটনায় ৭ জনকে আসামী করে মামলা করা হয়েছে।
বুধবার(১৩ মে) রাতে ওই কিশোরীর পিতা রিক্সাচালক নূরুল ইসলাম বাদী হয়ে ডকইয়ার্ডের মালিক লিটন মল্লিকসহ ৭ জনকে আসামী করে বানারীপাড়া থানায় ধর্ষণ চেষ্টা ও আত্মহত্যা প্ররোচনার অভিযোগে এ মামলা দায়ের করেন। মামলার অন্য আসামীরা হলেন কালু বেপারী, তার স্ত্রী লেখন বেগম ও
মনি আক্তার।
এছাড়াও ৩/৪ জনকে অজ্ঞাতনামা আসামী করা হয়েছে। উল্লেখ্য, ১২ মে দুপুর আড়াইটার দিকে উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকুল গ্রামের রিক্সাচালক নুরুল ইসলামের মেয়ে নূরজাহান একই গ্রামে ফুফুর বাড়ির ঘরের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। মামলায় উল্লেখ করা হয় ৮ মে রাতে উত্তরকুল গ্রামে রিক্সাচালক নুরুল ইসলামের মেয়ে নূরজাহানকে ঘরে একা পেয়ে পার্শ্ববর্তী ডকইয়ার্ডের মালিক ২ সন্তানের জনক লিটন মল্লিক ধর্ষণের চেষ্টা চালায়। এ সময় নূরজাহানের চিৎকার শুনে তার মা ছুটে এলে লিটন মল্লিক দৌড়ে পালিয়ে যায়।
পরে এ বিষয়টি জেনে একই বাড়ির কালু বেপারী, তার স্ত্রী লেখন ও মনি
আক্তার কুৎসা রটিয়ে গোটা এলাকায় বিষয়টি ছড়িয়ে দেয়। এতে লোকলজ্জার ভয়ে
নূরজাহানকে বাড়ির অদূরে ফুফুর বাড়িতে রেখে আসে তার পরিবার। সেখানে লজ্জা, ঘৃণা ও ক্ষোভে সে আত্মহত্যা করে।
এ প্রসঙ্গে বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শিশির কুমার পাল জানান, আসামীদের গ্রেফতারের
চেষ্টা চলছে।