শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০৭:০৮ পূর্বাহ্ন
জিয়াউল হক :: বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় ঘূর্ণিঝড়ের আঘাতে একটি গ্রামের প্রায় ২১টি বাড়ি-ঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। ভেঙে পড়েছে বিদ্যুতের খুঁটি, উপড়ে গেছে বড় বড় গাছ। গতকাল বুধবার সকাল ৭ টার দিকে উপজেলার চরাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের ওপর দিয়ে ঘূর্ণিঝড় বয়ে যায়। ক্ষতিগ্রস্থরা হলেন, মোহন বয়াতী, রুবেল বয়াতী, শহিদুল বয়াতী, নয়ন বয়াতী, হানিফ বয়াতী, তৈয়ব বয়াতী, আমির বয়াতী, রিপন বয়াতী, কালু বয়াতী, আনিস সরদার, ফারুক সরদার, হাবিব বয়াতী, জুয়েল বয়াতী, সাগর বয়াতী, রতন বয়াতী, কালাম বয়াতী, মামুন বয়াতী, জালাল বয়াতী, নাসির বয়াতী, আউয়াল বয়াতী, ফিরোজ বয়াতী।
গ্রামবাসী জানায়, সকালে ঘুম থেকে ওঠার প্রস্তুতি নেওয়ার সময় হঠাৎ ঝড় ওঠে। নিমেষে সবকিছু লণ্ডভণ্ড করে দিয়ে যায়। ওই দিন সকালেই চরাদী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও উপজেলা নির্বাহী অফিসারের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মাধবী রায় বলেন, ঘূর্ণিঝড়ে চরাদী ইউনিয়নের ২নং ওয়ার্ডের অন্তত ২১টি পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে। সকালেই ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসনকে জানানো হয়েছে। ঝড়ে ক্ষতির পরিমাণ জানতে কাজ চলছে। জেলা ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের অনুদান দেওয়া হবে।