মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১২:২০ পূর্বাহ্ন
অনলাইন ডেস্ক :: প্রাণঘাতী করোনাভাইরা গত ২৪ ঘণ্টায় দেশের আরও দুটি জেলায় সংক্রমণ ছড়িয়েছে।
বরিশাল বিভাগের ভোলা জেলা। আর রাজশাহী বিভাগের নাটোর। এ নিয়ে এখন পর্যন্ত ৬০ জেলায় ছড়িয়েছে ভাইরাসটি। আর বাকি চার জেলায় এখনো শনাক্ত হয়নি করোনা।
বাকি চার জেলা হলো- রাঙামাটি, খাগড়াছড়ি, ঝিনাইদহ এবং সাতক্ষীরা। শনিবার (২৫ এপ্রিল) দুপুরে করোনা ভাইরাস সংক্রান্ত নিয়মিত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা ভাইরাস আক্রান্ত আরও নয়জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মৃত্যুর সংখ্যা ১৪০ জন।
এছাড়া নতুন করে শনাক্ত হয়েছেন ৩০৯ জন। এ হিসেবে মোট আক্রান্ত চার হাজার ৯৯৮ জন। তবে নতুন করে কেউ সুস্থ হননি। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১১২ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয়েছে তিন হাজার ৪২২টি। পরীক্ষা করা হয়েছে তিন হাজার ৩৩৭টি। মোট পরীক্ষা করা হয়েছে ৪৩ হাজার ১১৩টি।
অধ্যাপক নাসিমা বলেন, ২৪ ঘণ্টায় মৃত্যু হওয়া নয়জনের মধ্যে চারজন পুরুষ। পাঁচজন নারী। এরমধ্যে ঢাকার তিনজন। ঢাকার বাইরে ছয়জন। নারায়ণগঞ্জে দুইজন। এছাড়া টাঙ্গাইলে এক, মাদারীপুরে এক, ময়মনসিংহে এক ও জয়পুরহাটে দুই জন।
তিনি আরও বলেন, বয়স বিশ্লেষণের ক্ষেত্রে দেখা যায়, এই নয়জনের মধ্যে ৭০ বছরের বেশি বয়সের সাতজন। ৫১ থেকে ৬০ বছর বয়সের একজন।
এছাড়া আরেকজন ৬০ বছরের বেশি বয়সের।