শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৯:২৩ পূর্বাহ্ন
ভোলা প্রতিবেদক :: ভোলার লালমোহনে ৯৯৯-এ কল পেয়ে এক ইউপি মেম্বারের বসতঘরের মাটি খুঁড়ে সাত বস্তা সরকারি চাল উদ্ধার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বদরপুর ইউপির ৫ নম্বর ওয়ার্ডের মেম্বার মো. জুয়েলের বাড়িতে অভিযান চালিয়ে এসব চাল উদ্ধার করা হয়। এ সময় ওই ওয়ার্ডের চৌকিদার শাহে আলমের ঘর থেকে আরো ছয় বস্তা চাল উদ্ধার করা হয়।
এ ঘটনায় পুলিশের উপস্থিতি টের পেয়ে জুয়েল পালিয়ে গেছেন। পরে তার বাবা সাবেক ইউপি মেম্বার নান্নুকে আটক করা হয় বলে জানান লালমোহন থানার ওসি মীর খায়রুল কবির।
ওসি জানান, ৯৯৯-এ কল পেয়ে জুয়েলের বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় তার ঘরের খাটের নিচে মাটি খুঁড়ে পাঁচ বস্তা ও তার ঘরের পেছন থেকে দুই বস্তা চাল উদ্ধার করা হয়।
একই সময় ওই ওয়ার্ডের শাহে আলম চৌকিদারের ঘর থেকে ছয় বস্তা চাল উদ্ধার করা হয়। চালগুলো সরকারি খাদ্যবান্ধব, জেলে পুনর্বাসন ও অসহায়দের নামে বরাদ্দ করা।