রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
ঢাকা প্রতিবেদক :: রাজধানীর রামপুরা এলাকার উলনে বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনায় নগরীর দক্ষিণাঞ্চলের বিশাল অংশে বিদ্যুৎ বিভ্রাট দেখা দিয়েছে।
পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি) সূত্র জানায়, শনিবার বিকাল ৪টার দিকে ১৩২/৩৩ কেভি গ্রিডের উপকেন্দ্রেটিতে আগুন লাগে। তবে কীভাবে ঘটনার সূত্রপাত তা এখনও পরিষ্কার নয়।
আগুন লাগার পরপরই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কয়েকটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায় এবং ৪টা ৫০ মিনিটের দিকে তা নিয়ন্ত্রণ আনে।
পিজিসিবির একজন কর্মকর্তা জানিয়েছেন যে অগ্নিকাণ্ডের ফলে নগরীর মতিঝিল, রামপুরা, যাত্রাবাড়ী, লালবাগ ও ধানমন্ডি এলাকায় গুরুতর বিদ্যুৎ বিভ্রাট দেখা দেয়।
‘আমরা বিকল্প উপায়ে সেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালুর চেষ্টা করছি,’ অনুসন্ধান ২৪কে বলেন পিজিসিবি কর্মকর্তা।
তিনি জানান, সম্প্রতি এ উপকেন্দ্রেটি ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানির (ডিপিডিসি) কাছে হস্তান্তর করা হয়। তবে পিজিসিবি ও ডিপিডিসি কর্মকর্তারা যৌথভাবে এটি পরিচালনা করছিলেন।