বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৮:০৭ পূর্বাহ্ন
মামুন আহমেদ, বানারীপাড়া :: করোনা পরিস্থিতিতে লকডাউনে থাকা কর্মহীন অসচ্ছল পরিবারের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্যপণ্য বিতরণের পর মানবসেবক পুলিশখ্যাত বানারীপাড়া থানায় কর্মরত এএসআই জাহিদুল ইসলাম এবার এক ব্যতিক্রমধর্মী উদ্যোগ নিয়েছেন। লকডাউনে ঘরে থাকা অলস সময় কাটানো মানুষদের উৎসাহিত করতে মুসলিম ও সনাতন ধর্মাবলম্বী শিশু, তরুণ ও বৃদ্ধদের মাঝে বিভিন্ন ধর্মীয় পুস্তক, স্বাস্থ্যসেবার উপকরণ ও বিনোদনের জন্য খেলার সামগ্রী বিতরণ করেন।
বৃহস্পতিবার বিকালে তিনি পৌর শহরের অর্ধশত বাসায় গিয়ে আমপারা, নামাজ শিক্ষা, হাদিস, গীতা, সার্জিক্যাল মাস্ক ও লুডু বিতরণ করেন। তার এ উদ্যোগ সুধীজনদের ভূয়সী প্রশংসা কুড়িয়েছেন। এ প্রসঙ্গে এএসআই জাহিদ জানান, সময় ও সুযোগ পেলে আমি সর্বদা মানুষের বিপদে-আপদে পাশে দাঁড়াই।
এ কাজে বরাবরের মতো আমাকে উৎসাহ প্রদান করে এসেছেন বরিশাল জেলার স্বনামধন্য পুলিশ সুপার শ্রদ্ধাভাজন মো. সাইফুল ইসলাম, বিপিএম(বার)। এ ছাড়াও আমি অনুপ্রেরণা পাই বানারীপাড়া থানার অফিসার ইনচার্জ(ওসি) চৌকশ পুলিশ কর্মকর্তা শিশির কুমার পাল মহোদয়ের কাছ থেকে। উল্লেখ্য, উপ-সহকারী পুলিশ কর্মকর্তা(এএসআই) জাহিদুল ইসলাম দানবীর পুলিশ হিসেবে ইতোমধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করেছেন। পুলিশের ছোট কর্মকর্তা হয়েও চাকরির অবসরে একটু সুযোগ পেলেই তিনি সাধ্যমত অসহায মানুষের সেবায় ছুটে যান। তিনি তার প্রয়াত কেমিস্ট পিতার নামে গড়ে তোলা “ইসমাইল সিকদার কল্যাণ ফান্ড”র মাধ্যমে পটুয়াখালীর মির্জাগঞ্জে তার নিজ এলাকা-সহ বিভিন্ন যায়গায় তার দানের হাত প্রসারিত করেছেন। ইতোমধ্যে তিনি মানবসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ বহুবার বরিশাল জেলার শ্রেষ্ঠ এএসআই’র পুরস্কার লাভ করেছেন।