শনিবার, ১৩ Jun ২০২৬, ০৬:২০ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের দেশত্যাগের ঘটনায় তিন উপদেষ্টার তদন্ত কমিটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শন করেছে। বিমানবন্দরের ইমিগ্রেশনসহ কোন কোন কর্মকর্তা তত্ত্বাবধান করেছেন তাদের আগে থেকেই উপস্থিত থাকতে বলা হয়। তদন্ত কর্মকর্তারা তাদের প্রত্যেককেই জিজ্ঞাসাবাদ করেছেন। এ ছাড়া ওই সময়ের সিসিটিভি ফুটেজ দেখেছেন।
মঙ্গলবার (১৩ মে) সকাল পৌনে ১০টার দিকে কমিটির সভাপতি শিক্ষা উপদেষ্টা সি আর আবরারের নেতৃত্বে তদন্ত কমিটির সদস্যরা বিমানবন্দরে পৌঁছান। প্রায় সাড়ে ৫ ঘণ্টা তারা সেখানে অবস্থান করার পর বিকেল ৩টার দিকে সেখান থেকে বেরিয়ে আসেন।
বিমানবন্দরের একটি সূত্র জানায়, তদন্ত কমিটির সভাপতি ও শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারসহ পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান ও নৌপরিবহন মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এম সাখাওয়াত হোসেন বিমানবন্দরে আসেন।
এ সময় তাদের সঙ্গে ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, পরিচালক এনএসআই, ডিআইজি ইমিগ্রেশন, অ্যাডিশনাল ডিআইজি ইমিগ্রেশন, বিমানবন্দরের নির্বাহী পরিচালক, পরিচালক এভসেক, ডিজিএফআই, এনএসআই ও এসবির প্রতিনিধিরা।
সিসিটিভি ফুটেজে দেখা যায়, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ভিআইপি গেট দিয়ে প্রবেশ করে সেখানকার লাউঞ্জেই দীর্ঘ সময় অপেক্ষা করেছেন। এ সময় কোন কোন কর্মকর্তা ওই লাউঞ্জে ছিলেন তাদেরও জিজ্ঞাসাবাদ করা হয়।
পরে উপদেষ্টারা বিমানবন্দরের কনফারেন্স রুম-১-এ রুদ্ধদ্বার বৈঠক করেন। ওই বৈঠকে বিমানবন্দরের ইমিগ্রেশনসহ উচ্চপদস্থ গোয়েন্দা কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত, গত ৭ মে দিবাগত রাতে সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ হযরত শাহজালাল বিমানবন্দর দিয়ে থাইল্যান্ড যান। তার থাইল্যান্ড যাওয়া নিয়ে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়।
এ ঘটনায় ইমিগ্রেশনের একজন অতিরিক্ত পুলিশ সুপার, কিশোরগঞ্জের পুলিশ সুপারসহ মোট ৪ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।