বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>দেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এফবিসিসিআই) সাবেক সভাপতি মাহবুবুল আলমের বাসায় অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক) ও র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২টা থেকে চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানার সুগন্ধা আবাসিক এলাকার ‘জামিলাস কটেজ’ নামে বাসাটিতে এ অভিযান শুরু হয়। চলে রাত ৩টা পর্যন্ত।
মাহবুবুল আলম পূর্বে চট্টগ্রাম চেম্বারের সভাপতি এবং চট্টগ্রামের বন্দর ব্যবহারকারী ফোরামের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি শেখ হাসিনার অত্যন্ত আস্থাভাজন এবং দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের পক্ষে বিপুল টাকা খরচ করেন বলে প্রচার রয়েছে। অভিযোগ রয়েছে- সবশেষ বৈষম্যবিরোধী আন্দোলন দমনে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল ও শীর্ষ ব্যবসায়ী নেতা মাহবুবুল টাকাগুলো মজুত করেছিলেন। আন্দোলন বানচালে তারা বিপুল সংখ্যক টাকা খরচও করেছিলেন।
গত ৫ আগস্ট আওয়ামী লীগের নেতৃত্বাধীন সরকারের পতনের পর থেকে গা ঢাকা দিয়েছেন মাহবুবুল আলম। বেশ কয়েকদিন ধরে তারা পাঁচলাইশের বাসাটিতে থাকেন না বলে জানিয়েছে একাধিক সূত্র।
বিভিন্ন সূত্রে জানা গেছে, চট্টগ্রামের অন্যতম শিল্পপতি মাহবুবুলের বাসাটিতে বিপুল সংখ্যক বৈদেশিক এবং দেশীয় মুদ্রা মজুত ছিল। যা প্রায় তিন হাজার কোটি টাকার সমান। জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী আন্দোলন বানচাল করতে সাবেক শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের তত্ত্বাবধানে এসব মুদ্রা মজুত করা হয়েছিল। যদিও প্রায় তিনঘণ্টা অভিযান শেষে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান- বাসাটিতে তেমন কিছুই পাওয়া যায়নি।
অভিযানের বিষয়ে অনুষ্ঠানিকভাবে কিছুই জানায়নি দুদক ও র্যাব। জানতে চাইলে পাঁচলাইশ থানার ওসি মোহাম্মদ সোলাইমান বলেন, অভিযানের বিষয়ে আমাদের জানানো হয়নি। আমাদের জানাতে হবে বিষয়টি দরকারিও নয়। দুদক ও র্যাব সুনির্দিষ্ট অভিযোগে নিজেদের মতো করে অভিযান পরিচালনা করতে পারে। সোমবার রাতে অভিযান শুরুর পর বিষয়টি আমরা শুনেছি।
গত ৯ সেপ্টেম্বর মাহবুবুল আলম এফবিসিসিআই সভাপতি থেকে পদত্যাগ করেন। ঐ সময় সিঙ্গাপুরে হাসপাতালে চিকিৎসাধীন মাহবুবুল ই-মেইলে বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠনের ডিটিও বরাবর পদত্যাগপত্র পাঠান।
এর আগে, গত বছরের ১৪ আগস্ট ২০২৩-২৫ মেয়াদে এফবিসিসিআই পরিচালনা পর্ষদের সভাপতি হিসেবে দায়িত্ব নেন মাহবুবুল আলম। চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতির দায়িত্ব পালন করা মাহবুবুল আলম ব্যবসা-বাণিজ্যের সঙ্গে যুক্ত হন ১৯৮৩ সালে। গত প্রায় চার দশকে কমোডিটি ট্রেডিং থেকে শুরু করে ব্যাংক ও আর্থিক পরিষেবা, পর্যটনসহ বিভিন্ন খাতে ব্যবসা সম্প্রসারণ করেন তিনি।