বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাবেক উপ–পুলিশ কমিশনার (ডিসি) মো. জসীম উদ্দীন মোল্লাসহ চার পুলিশ কর্মকর্তাকে সাময়িকভাবে বরখাস্ত করেছে সরকার।
মঙ্গলবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ–১ শাখা থেকে তাদের সাময়িক বরখাস্তের আদেশ প্রকাশ করা হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে পৃথক চারটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
বরখাস্ত হওয়া বাকি তিন কর্মকর্তা হলেন– গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপ–পুলিশ কমিশনার (এডিসি) মো. রফিকুল ইসলাম, ট্রাফিক–যাত্রাবাড়ী জোনের সহকারী পুলিশ কমিশনার (এসি) তানজিল আহমেদ, এপিবিএনের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. রফিকুল ইসলাম।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ডিএমপির সাবেক ডিসি এবং বর্তমানে রংপুর রেঞ্জ ডিআইজি কার্যালয়ে সংযুক্ত মো. জসীম উদ্দীন মোল্লাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের অপরাধের অভিযোগে অভিযুক্ত হওয়ায় গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
গত ৩০ অক্টোবর রংপুর থেকে তাকে গ্রেফতার করা হয়। সেক্ষেত্রে তাকে সরকারি চাকরি আইন, ২০১৮ (ধারা ৩৯(২)) অনুযায়ী ৩০ অক্টোবর থেকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।
গুলশান বিভাগের সাবেক এডিসি মো. রফিকুল ইসলামের বিষয়ে প্রজ্ঞাপনে বলা হয়েছে, গত ১৮ অক্টোবর বাড্ডা থানার মামলায় গ্রেফতার হয়ে আদালতে প্রেরিত হয়েছেন। সেহেতু ১৮ অক্টোবর থেকে তাকে সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি চট্টগ্রাম রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন।
ট্রাফিক–যাত্রাবাড়ী জোনের এসি তানজিল আহমেদের বিষয়ে করা হয়, যাত্রাবাড়ী থানার মামলায় গত ১৫ অক্টোবর গ্রেফতার হয়ে আদালতে প্রেরিত হয়েছেন। তাই ১৫ অক্টোবর থেকে তাকে সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বরিশাল রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন।
এপিবিএনের সহকারী পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের প্রজ্ঞাপনে বলা হয়, হাটহাজারী মডেল থানার মামলায় ১৩ সেপ্টেম্বর তাকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়। সেহেতু তাকে ১৩ সেপ্টেম্বর থেকে সরকারি চাকরি আইন অনুযায়ী সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি ময়মনসিংহ রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত থাকবেন এবং খোরপোষ ভাতা পাবেন।