বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >>বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ভারতের ত্রিপুরা রাজ্যের আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যায় নগরের ষোলশহর রেলস্টেশন এলাকায় এ বিক্ষোভ কর্মসূচি পালন করেন তারা।
বিক্ষোভ সমাবেশ থেকে হাইকমিশনে হামলা ও বাংলাদেশের জাতীয় পতাকায় আগুন দেওয়ার ঘটনায় জড়িতদের চিহ্নিত করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়। এ সময় বক্তব্য রাখেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক রাসেল আহমেদ, সহ-সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি, তানভীর শরীফ, সিয়াম ইলাহিসহ অন্যরা।
সমাবেশে বক্তারা বলেন, স্বাধীনতার পর থেকে ভারত বাংলাদেশে তার আধিপত্যবাদ বিস্তারের চেষ্টা করে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনার শাসনামলে ভারত তার আধিপত্যবাদের শেকড় অনেক গভীরে নিয়ে যেতে সক্ষম হয়। কিন্তু গত ৫ আগস্ট ছাত্র-জনতা ভারতীয় আধিপত্যবাদ উপড়ে ফেলেছে।
তারা আরো বলেন, আমরা অতীতে সীমান্তে ফেলানী হত্যা, স্বর্ণা দাসকে হত্যা করার ঘটনা দেখেছি। ভারতবিরোধী কথা বলায় আবরার ফাহাদকে ছাত্রলীগ নৃশংসভাবে খুন করেছিল। ইসকনের সন্ত্রাসীরা আইনজীবী আলিফকে খুন করেছে।
বক্তব্যে রাসেল আহমেদ বলেন, ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে যে হামলা, ভাঙচুর এবং আমাদের জাতীয় পতাকা পোড়ানোর ঘটনা ঘটেছে; সেই ঘটনার জন্য এদেশে ভারতীয় হাইকমিশনের কাছে সরকারকে জবাবদিহি চাইতে হবে। জাতীয় পতাকা পোড়ানোর ঘটনায় আমাদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে। ভারত সরকারকে বলেছি- যেসব সন্ত্রাসী এ ন্যাক্কারজনক ঘটনা ঘটিয়েছে, তাদের চিহ্নিত করে অবিলম্বে আইনের আওতায় আনতে হবে।
আওয়ামী লীগ ও ভারতের যৌথ ষড়যন্ত্রে এমন ঘটনা দাবি করে সব ধরনের ষড়যন্ত্র রুখে দিতে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিস্টান সব ধর্ম বর্ণের মানুষকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তারা।