বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >>চট্টগ্রামের লোহাগাড়ায় বাসের ধাক্কায় মোহাম্মদ রাকিব নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো একজন।নিহত রাকিব সাতকানিয়া উপজেলার দক্ষিণ ঢেমশা হাজারখীল এলাকার নুরুল ইসলামের ছেলে। আহতের নাম মোহাম্মদ আরিফ। তিনি একই এলাকার জামাল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (২৮ নভেম্বর) রাতে উপজেলার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের পদুয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
জানা যায়, বৃহস্পতিবার রাত আনুমানিক ১০টার দিকে পদুয়া সুইস পার্ক কমিউনিটি সেন্টার এলাকায় লোহাগাড়ামুখী একটি বাসের ধাক্কায় গুরুতর আহত হন দুই মোটরসাইকেল আরোহী রাকিব ও আরিফ। স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক রাকিবকে মৃত ঘোষণা করেন। আরিফকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়।
লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক মোহাম্মদ রায়হান উদ্দিন বলেন, গুরুতর আহত অবস্থায় দুজনকে জরুরি বিভাগে নিয়ে আসা হয়। কিন্তু হাসপাতালে আনার আগেই রাকিবের মৃত্যু হয়। আহত আরিফের অবস্থাও গুরুতর। অণ্ডকোষের পাশের ক্ষত থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে এবং মেরুদণ্ডে আঘাত পেয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
এ ঘটনায় দোহাজারী হাইওয়ে থানা পুলিশের বক্তব্য পাওয়া যায়নি।