সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
অনুসন্ধান ২৪ >> টাকার বিনিময়ে স্ত্রী পরিচয়ে ফরহাদ হোসেনের সঙ্গে আবাসিক হোটেলে উঠেন বিবি কুলছুম। সেখানে টাকার পরিমাণ নিয়ে দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিবি কুলছুমকে গলাটিপে হত্যা করেন ফরহাদ। এরপর তিনি পালিয়ে যান।
গ্রেফতারের পর বৃহস্পতিবার (৭ নভেম্বর) আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন তিনি। এর আগে, বুধবার (৬ নভেম্বর) সন্ধ্যায় নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বহদ্দারহাট মোড় এলাকার আবাসিক হোটেল থেকে বিবি কুলছুমের লাশ উদ্ধারের ঘটনায় ফরহাদ হোসেনকে গ্রেফতার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
সিআইডি চট্টগ্রামের বিশেষ পুলিশ সুপার শাহনেওয়াজ খালেদ বলেন, বিবি কুলছুম হত্যা মামলার আসামি ফরহাদ হোসেনকে গ্রেফতারে নগরের বিভিন্ন এলাকা ও তার বাড়ি ভোলায়ও বিভিন্ন সময় অভিযান পরিচালনা করা হয়। শেষে বুধবার সন্ধ্যায় নগরের খুলশী থানা এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারের পর আজ (বৃহস্পতিবার) আদালতে পাঠানো হলে সেখানে হত্যার দায় স্বীকার করে জবানবন্দি দিয়েছেন ফরহাদ। স্বামী-স্ত্রী পরিচয়ে হোটেলে উঠেছিলেন তারা। টাকার বিনিময়ে ফরহাদের সঙ্গে গিয়েছিলেন বিবি কুলছুম। হোটেল কক্ষে টাকার পরিমাণ নিয়ে তাদের মধ্যে বাগবিতণ্ডা হয়। একপর্যায়ে বিবি কুলছুমকে গলাটিপে হত্যা করেন ফরহাদ।
গত ২০ অক্টোবর সন্ধ্যায় বহদ্দারহাট মোড় এলাকার আবাসিক হোটেল থেকে বিবি কুলছুমের লাশ উদ্ধার করে পুলিশ। কিন্তু এর আগেই পালিয়ে যান ফরহাদ।
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) সবেদ আলী বলেন, বুধবার সিআইডির একটি বিশেষ টিমের সহায়তায় খুলশী থানা এলাকা থেকে ফরহাদ হোসেনকে গ্রেফতার করা হয়। ভিকটিম বিবি কুলছুম বিবাহিত। তার গ্রামের বাড়ি নোয়াখালীর মির্জানগরে।
পুলিশ জানায়, ১৯ অক্টোবর হোটেলটিতে একদিনের জন্য রুম ভাড়া নেন বিবি কুলছুম ও ফরহাদ। পরদিন ২০ অক্টোবর চেক আউট না করায় দুপুরে রুমের সামনে গেলে দরজা বাইরে থেকে হাতল লাগানো অবস্থায় দেখতে পান হোটেল কর্মচারী। দরজা খুলে টয়লেটের মেঝেতে গলায় ওড়না পেঁচানো ও হাত-পা বাঁধা অবস্থায় বিবি কুলছুমের লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজের মর্গে পাঠায় পুলিশ। এ ঘটনায় বিবি কুলছুমের বাবা মোহাম্মদ আব্দুল ছত্তর বাদী হয়ে ফরহাদ হোসেনের বিরুদ্ধে চান্দগাঁও থানায় হত্যা মামলা করেন।
এদিকে, ঘটনাটি জানতে পেরে ছায়াতদন্ত শুরু করে সিআইডি। সিআইডির ক্রাইমসিন টিম বিবি কুলছুমের পরিচয় শনাক্ত করে। ফরহাদ হোসেনকে গ্রেফতারেও বিভিন্ন সময় বিভিন্ন এলাকায় অভিযান চালায় সিআইডি।