বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৩৩ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> রংপুর গণঅধিকার পরিষদ আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা না চাইলে জাতীয় পার্টির (জাপা) বিরুদ্ধে রংপুরসহ সারাদেশে গণপ্রতিরোধসহ আইনগত ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছে।
রোববার (৩ নভেম্বর) দুপুরে রংপুর সিটি বাজার এলাকার দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান গণপরিষদের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে জাতীয় পার্টির নেতাকর্মীদের অসভ্য আচরণ ও কর্মকাণ্ডের তীব্র নিন্দা জানিয়ে নেতারা বলেন, ভারতীয় নীলনকশায় দেশের গণতন্ত্র ধ্বংস করে আওয়ামী ফ্যাসিবাদ কায়েমে বিগত তিনটি নির্বাচনেই সহযোগী ছিল জাতীয় পার্টি। তাদের নেতারা এর আগেও বৈষম্যবিরোধী আন্দোলনের নেতা সারজিস আলম ও হাসনাত আবদুল্লাহকে নিয়েও এ ধরনের কুরুচিপূর্ণ ও কটূক্তিমূলক বক্তব্য দেন। রংপুরের আঞ্চলিক শান্তি ও সহনশীলতার স্বার্থে ভিন্নমতের রাজনীতির প্রশ্নে আমরা উদারতা দেখালে জাতীয় পার্টি সেটিকে দুর্বলতা ভাবছে।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে বলা হয়, গত শনিবার ফ্যাসিবাদের দোসর রংপুরের জাতীয় পার্টির নেতাকর্মীরা নগরীতে বিক্ষোভ মিছিল করেছেন। এ সময় তারা ডাকসুর সাবেক ভিপি ও গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর এবং গণঅধিকার পরিষদের সম্পর্কে কুরুচিপূর্ণ মন্তব্য ও অশালীন স্লোগানসহ বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে হুঁশিয়ারি দিয়ে বলা হয়, জাতীয় পার্টির মিছিল থেকে যারা জুলাই বিপ্লবের সহযোদ্ধা নুরুল হক নুর ও গণঅধিকার পরিষদ নিয়ে কটূক্তি করেছেন, অশালীন স্লোগান দিয়েছেন আগামী ২৪ ঘণ্টার মধ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা চাইতে হবে। তা না হলে রংপুরসহ সারাদেশে তাদের বিরুদ্ধে গণপ্রতিরোধসহ আইনগত ব্যবস্থা নেয়া হবে।
জুলাই বিপ্লবের শহিদ আবু সাঈদের রক্তস্নাত রংপুরের মাটিতে গণহত্যাকারী ফ্যাসিস্ট ও তার সহযোগীদের রাজনীতির স্থান হবে না। কোনো ব্যক্তি বা সংগঠন যদি ফ্যাসিবাদের পুনর্বাসনে রংপুরকে অশান্ত ও উত্তপ্ত করার চেষ্টা করে তাহলে ছাত্র–জনতা সেটার জবাব দেবে।
এছাড়া দেশে স্থিতিশীলতা আনায়ন ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে গণহত্যাকারী ও তার দোসরদের বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ কেন্দ্রীয় নির্বাহী সংসদের উচ্চতর পরিষদ সদস্য হানিফ খান সজীব, রংপুর বিভাগীয় সাংগঠনিক সমন্বয়ক মাসুদ রানা মোন্নাফ প্রমুখ।