মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০১:৩৪ অপরাহ্ন
অনুসন্ধান ২৪ >> স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ‘আমরা তিন উপদেষ্টা এবং অন্যান্য সহকর্মীদের সঙ্গে আলোচনা করে একটা সিদ্ধান্তে উপনীত হয়েছি যে এখন থেকে আনসারে রেস্ট প্রথা থাকবে না।’
আজ রোববার সচিবালয়ে উপদেষ্টার কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রেস্ট প্রথা নিয়ে এক প্রশ্নের উত্তরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, প্রতি তিন বছর চাকরির পর আনসার সদস্যদের ছয়মাস রেস্টে থাকা লাগে। এই ছয় মাস পর তারা আবার চাকরিতে যোগদান করেন। এই ছয়মাস তাদের খুব মানবেতর জীবন যাপন করতে হয়। নিয়োগ বিধিমালা থেকে এই প্রথা বাতিল করে কিভাবে তাদের চাকরিতে নিয়মিত করা যায় সে প্রক্রিয়ায় কাজ করা হচ্ছে। সাধারণ আনসারদের মধ্যে চারজন প্রতিনিধি নিয়ে আগামী সাত দিনের মধ্যে তারা একটি সুপারিশ দেবেন।
এদিকে উপদেষ্টার সঙ্গে বসা প্রতিনিধিদলের সদস্যরা বলেন, ‘আমরা উপদেষ্টার সঙ্গে কথা বলেছি। তিনি খুব আন্তরিক ছিলেন। আমরা দেশের সার্বিক অবস্থা বিবেচনায় নিয়ে আন্দোলন স্থগিত ঘোষণা করছি।’
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, একইসঙ্গে অন্যান্য দাবি-দাওয়াগুলো বিষয়ে একটি কমিটি করা হবে। এই কমিটি সবকিছু পর্যালোচনা করে আমাদের কাছে প্রতিবেদন পাঠাবে। সেই প্রতিবেদনের ওপর ভিত্তি করে আমরা একটি সিদ্ধান্ত নেব।’
এসময় তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বলেন, ‘যেহেতু একটি কমিটি হয়েছে সেহেতু বিচার বিশ্লেষণ করে একটি সিদ্ধান্ত নেওয়া হবে। আমাদের একটি জাতীয় সংকট চলছে। আমাদের অনেক দিকে কাজ করা লাগছে। এই দুর্যোগকালীন সময়েও এই সুপারিশ কমিটি সবকিছু বিচার বিশ্লেষণ করে সিদ্ধান্ত নেবে। আনসার ভাইদের যে সমস্যা সেগুলো নিয়ে আলোচনা করে একটি যৌক্তিক সমাধানে আমরা পৌঁছাব। তবে প্রাথমিকভাবে তাদের রেস্ট প্রথা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’
আরো পড়ুন