মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৩:৫৯ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> চট্টগ্রামে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে নিহত পাইলট আসিম জাওয়াদ সমাহিত হলেন মানিকগঞ্জ শহরের শেওতায় নানার কবরে। আজ শুক্রবার বাবা-মা, স্ত্রী-সন্তান, সহকর্মীসহ হাজারো মানুষ চোখের জলে শেষবিদায় জানান বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদকে। এর আগে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে জাওয়াদের জানাজায় অংশ নেন হাজার হাজার মানুষ।
মরদেহ বহনকারী হেলিকপ্টারে আসীমের বাবা ডা. আমান উল্লাহ, স্ত্রী অন্তরা আক্তার, ছয় বছরের কন্যা আয়জা ও এক বছরের পুত্র আয়মান ছিলেন। হেলিকপ্টারের ভেতরে কফিন জড়িয়ে ধরে সংজ্ঞাহীন হয়ে পড়েন একমাত্র সন্তান হারানো মা নিলুফার বেগম।
শুক্রবার বাদ জুমা মানিকগঞ্জ কোর্ট মসজিদের ইমাম মুফতি রফিকুল ইসলাম মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে তৃতীয় জানাজার নামাজ পড়ান। এরপর শহরের সেওতায় নানার কবরেই তাকে কবর দেওয়া হয়। এর আগে বেলা পৌনে ১২টার দিকে বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টারে ঢাকা থেকে পাইলট আসিমের মরদেহ মানিকগঞ্জে আনা হয়।
বাংলাদেশ বিমান বাহিনীর উইং কমান্ডার আন্নু জানান, শুক্রবার বেলা পৌনে ১২টার দিকে আসিম জাওয়াদের মরদেহ হেলিকপ্টারে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে আনা হয়। এরপর তাকে রাষ্ট্রীয় মর্যাদায় গার্ড অব অনার দেওয়া হয়। পরে পরিবারের সদস্যদের মত নিয়ে শেষবারের মতো জনসাধারনকে আসিম জাওয়াদের লাশ দেখার সুযোগ দেওয়া হয়।
দুর্ঘটনার পর বৈমানিক উইং কমান্ডার সোহান হাসান খাঁন এবং স্কোয়াড্রন লিডার আসিম জাওয়াদ প্যারাশুট দিয়ে নদীতে নেমে আসেন। পরে বিমানবাহিনী ও নৌবাহিনীর উদ্ধারকারী দল এবং স্থানীয় জেলেরা মিলে তাদের আহত অবস্থায় উদ্ধার করেন।
বৃহস্পতিবার সকাল ১০টা ২৫ মিনিটে চট্টগ্রামের জহুরুল হক ঘাঁটি থেকে উড্ডয়নের পর বিমান বাহিনীর একটি ইয়াক-১৩০ প্রশিক্ষণ বিমান কর্ণফুলী নদীর মোহনার কাছে বিধ্বস্ত হয়।
আসিম জাওয়াদকে আশঙ্কাজনক অবস্থায় দ্রুত বিএনএস পতেঙ্গায় ( নৌবাহিনীর হাসপাতাল) নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।