বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৬ অপরাহ্ন
অনুসন্ধান২৪>> সুন্দরবন থেকে শতাধিক কিলোমিটার দূরে বাগেরহাটের চিতলমারী উপজেলা সীমান্ত এলাকায় বিগত ৫০ বছরে এই প্রথম একটা কুমির দেখা গেছে। সর্বশেষ শুক্রবার (১২ এপ্রিল) কুমিরটি চিতলমারীর কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থান করছে। এর আগে বৃহস্পতিবার রাতে কুমিরটিকে মধুমতী নদীসংলগ্ন রাস্তায় দেখা যায় বলে প্রত্যক্ষদর্শীরা জানায়। শত শত উৎসুক জনতা পুকুরটি ঘিরে রেখেছে।
কুমিরটি দেখার জন্য মানুষ রাস্তায় ভিড় জমায়। এক পর্যায়ে কুমিরটি নদীতে ফিরে না গিয়ে রাস্তার পাশের একটি পুকুরে অবস্থান নেয়।জানা যায়, গবেষণাকাজে কুমিরের গতিবিধি ও আচরণ জানাতে গত ১৬ মার্চ স্যাটেলাইট ট্রান্সমিটার বসিয়ে লোনা পানির চারটি কুমিরকে সুন্দরবনে অবমুক্ত করা হয়েছিল। এদের মধ্যে একটি কুমির প্রায় শত কিলোমিটার পথ ঘুরে বর্তমানে বাগেরহাটের চিতলমারীর কলাতলা ইউনিয়নের বাংলাবাজার এলাকায় অবস্থান করছে।
কুমিরটির নিরাপত্তা এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। কুমিরটিকে নিরাপদে উদ্ধারের জন্য বন বিভাগের হস্তক্ষেপ কামনা করেছে এলাকাবাসী।প্রত্যক্ষদর্শীরা জানায়, কুমিরটির পিঠে একটা যন্ত্র লাগানো ছিল। বৃহস্পতিবার রাতে ওই এলাকার মধুমতী নদীসংলগ্ন বাংলাবাজার এলাকায় রাস্তায় কুমিরটিকে দেখা যায়।
এ ব্যাপারে চিতলমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইকরাম হোসেন জানান, কুমিরটির নিরাপত্তার জন্য ওই স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। বিষয়টি বন বিভাগের সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করা হয়েছে। তাঁরা কুমরিটি উদ্ধারের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।