মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
অনুসন্ধান২৪>> ঈদুল ফিতর উপলক্ষে যাতায়াতের সুবিধার্থে আগামী ৯ এপ্রিল ছুটি বাড়ানোর প্রস্তাব সুপারিশ করবে সরকারের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। মন্ত্রিপরিষদ বিভাগে এই সুপারিশ পাঠানো হবে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী এবং আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আ ক ম মোজাম্মেল হক।
তিনি আরো বলেন, ঈদের আগে শ্রমিকরা যেন সঠিক সময়ে বেতন-বোনাস পান, ফিটনেসবিহীন যানবাহন যেন রাস্তায় না নামতে পারে, যানজট যেন না হয় এসব নিয়ে আলোচনা হয়েছে।
রবিবার (৩১ মার্চ) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভার বৈঠক শেষে তিনি এ তথ্য জানান। বৈঠকে এসংক্রান্ত আলোচনা হয়েছে বলে জানান তিনি।
এ ছাড়া শ্রমিকদের বেতন পেতে যাতে কোনো সমস্যা না হয় এ জন্য ব্যাংক বন্ধের দিনেও খোলা রাখার ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন মন্ত্রী।
কারণ সরকারি ক্যালেন্ডারের হিসাব অনুসারে ৫ ও ৬ এপ্রিল শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি। ৭ এপ্রিল পবিত্র শবে কদরের সরকারি ছুটি। ৮ এবং ৯ এপ্রিল সরকারি অফিস আদালত ব্যাংক বীমা খোলা থাকবে।ক্যালেন্ডার মোতাবেক ১০, ১১ এবং ১২ এপ্রিল বুধ, বৃহস্পতি ও শুক্রবার পর্যন্ত পবিত্র ঈদুল ফিতরের সরকারি ছুটি।
উল্লেখ্য, এবার যদি রোজা ২৯টি হয় তাহলে ৯ তারিখ থেকে শুরু হবে ঈদুল ফিতরের সরকারি ছুটি। তবে কেউ যদি দুই দিন বাড়তি ছুটি নেন তাহলে তার ঈদের ছুটি শুরু হবে ৫ এপ্রিল থেকে।
আবার ১৩ এপ্রিল শনিবার সাপ্তাহিক ছুটি এবং ১৪ এপ্রিল পহেলা বৈশাখের ছুটি। তাই মাঝখানে মাত্র দুই দিনের ছুটি নিলেই একসঙ্গে ১০ দিন ছুটি কাটাতে পারবেন সরকারি কর্মচারীরা।