বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৫:৪৩ অপরাহ্ন
অনুসন্ধান২৪>> আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আওয়ামী লীগের হৃদয়ে বাংলাদেশ, চেতনায় বাংলাদেশ। সেটাই আমরা মনেপ্রাণে ধারণ করি। কোনো বিদেশি রাষ্ট্রের শাসন আর দাসত্ব আমরা করি না।
ওবায়দুল কাদের বলেন, আজকে বিএনপির চারদিকে অন্ধকার। শেখ হাসিনার উন্নয়ন, মানবতা ও অন্তর্ভুক্তিমূলক রাজনীতি বিএনপির রাজনীতিকে অন্ধ করে রেখে দিয়েছে। তারা এখান থেকে বের হতে পারছে না। দিনের আলোতে তারা রাতের অন্ধকার দেখে।
তিনি বলেন, বিএনপি অনেক মিথ্যাচার করেছে। তাদের নেতিবাচক রাজনীতি দেশের মানুষ প্রত্যাখ্যান করেছে। এই রাজনীতি অপ্রাসঙ্গিক হয়ে যাবে, কেউই গ্রহণ করবে না। দিন যত যাচ্ছে বিএনপি তত অপ্রাসঙ্গিক হয়ে পড়ছে, সংকুচিত হয়ে যাচ্ছে।
শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ত্রাণ ও সমাজকল্যাণ উপ-কমিটি আয়োজিত ঈদ উপহার ও ইফতারসামগ্রী বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
‘দিল্লির শাসন মেনে নেওয়ার জন্য পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ছিন্ন করিনি’- বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, বিএনপি বড় বড় হোটেলে ইফতার পার্টির আয়োজন করে আর আওয়ামী লীগের চরিত্র হনন করে। আসলে বিএনপি পাকিস্তানের সঙ্গে কখনও সম্পর্ক ছিন্ন করেনি। বিএনপির হৃদয়ে পাকিস্তান, চেতনায় পাকিস্তান।
‘বর্তমান সরকার আমলে বিএনপির ৮০ ভাগ নেতাকর্মী নির্যাতিত ও নিগৃহীত হয়েছেন’- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এমন বক্তব্যের জবাবে ওবায়দুল কাদের বলেন, মির্জা ফখরুলকে বলব- এসব মিথ্যাচার থেকে বিরত থাকুন। ৮০ ভাগ নেতাকর্মী কারা? মির্জা ফখরুল, মির্জা আব্বাস আর আমির খসরুসহ সবাই একে একে জেল থেকে বের হয়ে গেছেন। তাহলে নিগৃহীত কে হচ্ছেন? তাদের তালিকা প্রকাশ্যে দিতে হবে।
আওয়ামী লীগের ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এবং উপকমিটির সদস্য সচিব আমিনুল ইসলাম আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক সিদ্দিকুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মন্নাফী, সাধারণ সম্পাদক হুমায়ুন কবির প্রমুখ।